জুলাই অভ্যুত্থানে: চট্টগ্রামে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
একটি হত্যা মামলার তদন্তে আকবর আলীর নাম আসে, বলেন উপ কমিশনার।
জুলাই অভ্যুত্থানে হত্যার ঘটনায় চট্টগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়া থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. আকবর আলী (৪৬), নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মঙ্গলবার বিকালে নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে আকবার আলীকে গ্রেপ্তারের তথ্য দেন উপ-কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।
তিনি জানান, জুলাই আন্দোলনে একটি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে আকবর আলীর নাম আসে। সোমবার রাতে পানওয়ালা পাড়ায় পুলিশের বিশেষ অভিযানে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এই পুলিশ কর্মকর্তা বলেন, আকবর আলীকে গত ৫ অগাস্ট রাতে দেওয়ান হাট এলাকায় ইউসুফ নামে এক যুবক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার অভিযোগের বরাতে তিনি বলেন, নিহত ইউসুফ ঝর্ণা পাড়া এলাকায় একটি বরফকলের শ্রমিক ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি দেওয়ান হাট এলাকায় বরফ সরবরাহের কাজে গিয়েছিলেন।
উপ কমিশনার বলেন, ওইদিন স্থানীয় ও বহিরাগত কিছু লোকজন জড়ো হয়ে দেশি ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে মারধর সাধারণ মানুষের ওপর হামলা চালায় এবং এলোপাথাড়ি গুলি করে।
“মাথায় গুলি লেগে ইউসুফ সে দিন রাত সাড়ে ৮টার দিকে দেওয়ানহাট পাকা রাস্তার ওপর মারা যান।”
পুলিশ জানায়, আকবরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা আছে। তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
