রাউজানে নদীর তীরে মিলল লাশ
রাতে বাড়ি থেকে তাকে ডেকে নেওয়া হয়েছিল, বলছে পুলিশ।
চট্টগ্রামের রাউজানে নদীর তীর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যিনি ‘মানসিকভাবে অসুস্থ’ ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের যুগীপাড়া এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে বোট ঘাট এলাকা থেকে লাশ উদ্ধারের কথা জানান রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।
লাশটি রূপন কুমার নাথের। ৪৭ বছর বয়সী রূপন বাগোয়ানের পশ্চিম নাথপাড়ার হরে কৃষ্ণ মাস্টার বাড়ির বাসিন্দা।
ওসি মনিরুল বলেন, “পারিবারিকভাবে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করছি তাকে খুন করা হতে পারে। সে হিসেবে খুনের মামলার নেওয়া হয়েছে।”
রাউজান থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, “স্থানীয়ভাবে আমরা জেনেছি মানসিকভাবে অসুস্থ রূপন বিভিন্ন সময় বিভিন্ন জনকে উত্যক্ত করতেন, জিনিসপত্র নিয়ে ফেলতেন। এ জন্য স্থানীয় লোকজন তাকে বিভিন্ন সময়ে ধরে বেঁধেও রাখতেন।
“মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। অপ্রকৃতিগ্রস্থ হওয়ায় বাড়ির লোকজন তার খোঁজ করেনি। সকালে তার লাশ পাওয়া যায়। লাশের ওপর বালি দিয়ে রাখা হয়েছিল।”
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
