সাগর ভাসা লাশ সীতাকুণ্ড উপকূলে
ধারণা করা হচ্ছে, গত ১২ অক্টোবর ডুবে যাওয়া জাহাজের নিখোঁজ দুই নাবিকের একজনের লাশ হতে পারে এটি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলের কেওড়া বাগানে একটি লাশ ভেসে এসেছে।
মঙ্গলবার মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সমুদ্রের বেড়ি বাঁধ সংলগ্ন কেওড়া বাগান থেকে নৌ গলিত লাশটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, গত ১২ অক্টোবর ডুবে যাওয়া জাহাজের নিখোঁজ দুই নাবিকের একজনের লাশ হতে পারে এটি।
তবে এটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেখে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক বিদ্যুৎ বড়ুয়া জানিয়েছেন।
গত ১২ অক্টোবর পতেঙ্গার অদূরে দুই লাইটার জাহাজের সংঘর্ষে ডুবে যায় এমভি সুলতান সানজার নামে জাহাজটি। তখন চার নাবিকের লাশ উদ্ধার করা হলেও দুজনের খোঁজ মেলেনি।
নৌ পুলিশ কর্মকর্তা বিদ্যুৎ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাগরের জোয়ারের পানিতে ভেসে এসে লাশটি কেওড়া বাগানে আটকে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করা হয় লাশটি।
তিনি বলেন, “আমাদের ধারণা লাশটি ডুবে যাওয়া লাইটারেজের কোনো নাবিকের হতে পারে। কিন্তু লাশের গলার নিচ থেকে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। যার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। নিখোঁজ দুই নাবিকের পরিবারের সদস্যরাও এসেছিল, কিন্তু পরিচয় শনাক্ত করতে পারেনি।”
পরিচয় শনাক্তের জন্য লাশের ডিএনএ প্রোফাইল করতে স্বজনদের নমুনা সংগ্রহ করার আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় নৌ পুলিশের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গত ১২ অক্টোবর বিকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে দুই নটিক্যাল মাইল দূরে পাথরবোঝাই লাইটারেজ জাহাজ ‘এমভি সুলতান সানজারর’ সঙ্গে ‘এমভি আকিজ লজিস্টিকস’র মুখোমুখি সংঘর্ষ হয়।
কাঠগড়ের চর পাড়া এলাকা থেকে ছেড়ে যাওয়া এমভি সুলতান ওই সংঘর্ষে ডুবে যায়। জাহাজে থাকা নয় নাবিকের মধ্যে তিনজন সমুদ্রে লাফিয়ে পড়েন এবং পরে তাদের জীবিত উদ্ধার করা হয়।
এরপর থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে চারজনের লাশ উদ্ধার করে।
