Published : 22 Jun 2026, 05:38 PM
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার বিষয়ে প্রতিবেদন জমা দিতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান উপ-কমিশনার আলমগীর হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, “বৃহস্পতিবার কমিটিকে আরও চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। আমাদের হাতে আরও কয়েকদিন আছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া যাবে।”
কমিটির প্রধান আলমগীর হোসেন বলেন, “পুলিশ, সাধারণ লোকজন, ভূক্তভোগীসহ ইতোমধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এখানে বিমানবন্দরসহ আন্তঃবিভাগীয় বিষয় আছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।”
গত ১২ জুন রাতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে অটোরিকশা আটকে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। এসময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠে।
ওই দিন ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ খেলে বিমানে চট্টগ্রাম এসেছিলেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার পথে তাকে ‘মারধর করে’ পুলিশ থানায় নিয়ে যায়। পরে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ফোন পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। তার পরিবারের সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় যাওয়ার পর তিনি ছাড়া পান।
পরদিন দুপুরে দিকে নগরীর বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় নাঈম হাসানের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন সিএমপি কমিশনার হাসান শওকত আলী। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযানে থাকা খুলশী থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে ও খুলশী থানার ওসি আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়।
ঘটনা তদন্তে নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) আলমগীর হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটির গঠন করেন সিএমপি কমিশনার। বৃহস্পতিবার কমিটি প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিশনার কমিটিকে আরও চার কার্যদিবস সময় দেন।
এ ঘটনায় নাঈম হাসানের ভাই কামরুল আলম দুই পুলিশ সদস্য ও সোর্স সোহেলকে আসামি করে মামলা করেন।
কামরুল হাসান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাঈম ধকল কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন। গতকাল (রোববার) রাতে জাতীয় দলের সাথে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।”
তিনি বলেন, “তদন্ত কমিটি আমাদের সাথে এবং নাঈমের সাথে কথা বলেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলেছেন।”
আরও পড়ুন-
ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত
ক্রিকেটার নাঈমকে মারধর: খুলশী থানার ওসি প্রত্যাহার
ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার
ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিল পুলিশ!