Published : 13 Jun 2026, 12:45 PM
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ পাওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের দুই সদস্য হলেন-খুলশী থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভুঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরী।
শনিবার বেলা ১২টার দিকে নগরীর বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় ক্রিকেটার নাঈম হাসানের বাসায় তাকে দেখতে যান সিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা।
বেলা ১১টা ৫৫ মিনিটে সিএমপির সহকারি কমিশনার (পিআর) আমিনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনায় বিভাগীয় মামলা হবে। ভুক্তেভোগী লিখিত অভিযোগ দিয়েছেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসান রাতে ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় খুলশী থানা পুলিশের রাত্রিকালীন মোবাইল-৩৩ টিমের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন।
“ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত খুলশী থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভুঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে পুলিশ পরিচয়ে মারধর ও থানায় ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঢাকা থেকে ফেরার পথে নগরীর লালখান বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গভীর রাতে নাঈম হাসানের বাবা, স্বজন ও স্থানীয় বাসিন্দারা থানায় যায়। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় আসেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্রিকেটার নাঈম হাসান।
এই ঘটনায় নিন্দা জানিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
আরও পড়ুন