১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন সাজা

মামলায় বলা হয়, ১৮ বছর বয়সি ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রাজীব। তারপর একদিন বাসায় একা পেয়ে তাকে ধর্ষণ করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 08:35 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

চট্টগ্রামে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক এস এম জিয়াউর রহমান সোমবার এই রায় দেন।

দণ্ডিত মো. রাজীব চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকার খোকন মিস্ত্রীর ছেলে। 

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় ঘোষণার সময় আসামি রাজীব আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

মামলার নথি থেকে জানা যায়, ১৮ বছর বয়সি ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রাজীব। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি রাজীব ‘কৌশলে’ ওই তরুণীর বাসায় ঢুকে পড়েন। 

ওই বাসায় তরুণী তার বাবার সঙ্গে থাকতেন। সে সময় তার বাবা বাসায় ছিলেন না। একা পেয়ে রাজীব ওই তরুণীকে ধর্ষণ করেন। ঘটনার পর মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ঘটনার ছয় দিন পর মেয়েটির বাবা পতেঙ্গা থানায় মামলা করেন। 

এ মামলায় পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর ২০২০ সালের ১৩ ডিসেম্বর আসামি রাজীবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এই রায় দেওয়া হল।