জাতীয়করণের দাবিতে চট্টগ্রামে দিনভর আনসার সদস্যদের বিক্ষোভ
বাহিনীর পোশাক পরেই বৃষ্টিতে ভিজে আনসার সদস্যরা মিছিল ও অবরোধে অংশ নেন।
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কর্মবিরতি দিয়ে আনসার সদস্যরা বন্দর নগরীতে বিক্ষোভ করেছেন।
রোববার সকালে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন দিয়ে কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা।
এরপর সেখান থেকে মিছিল নিয়ে তারা নগরীর চেরাগী পাহাড়া ও আন্দরকিল্লা মোড় এলাকা ঘোরেন।
বেলা দুইটার পর মিছিল নিয়ে কয়েক হাজার আনসার সদস্য চট্টগ্রাম আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বাহিনীর পোশাক পরেই বৃষ্টিতে ভিজে আনসার সদস্যরা মিছিল ও অবরোধে অংশ নেন।
এসময় নগরীর জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা ও লালদীঘি পাড় এলাকায় যানবাহন চলাচলও কম ছিল।
তবে এসময় সেখানে পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যায়নি।
বিক্ষোভে অংশ নেওয়া আনসার এক সদস্য বলেন, “সরকারি-বেসরকারি ও বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানে আমরা পাহারা দিই। আমাদের কর্মঘণ্টার হিসাব নাই কোনো।
“বছরের পর বছর আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না। আমাদের দাবি কেউ সরকারের উচ্চ মহলে নিয়ে যায় না। এখন আমরা জাতীয়করণের এক দফা দাবিতে রাজপথে নেমেছি।”
বিকাল পৌনে চারটার দিকে অবরোধ তুলে আবার মিছিল নিয়ে আনসার সদস্যরা ফেরত যান।
