চট্টগ্রামে প্রতিবেশীর ছুরিকাঘাতে অটোরিকশা চালকের মৃত্যু
কথাকাটাকাটি একপর্যায়ে ছুরি দিয়ে তার পেটে আঘাত করা হয়, বলছে পুলিশ।
চট্টগ্রামের পটিয়ায় জায়গা-জমির সীমানা নিয়ে বিরোধ থেকে প্রতিবেশীর ছুরিকাঘাতে আহত এক অটোরিকশা চালক মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
অটোরিকশা চালক মাহবুব আলম (৪০) শোভনদণ্ডী ইউনিয়নের মধ্যম চাটারা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ছুরিকাঘাতের পর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি।
পটিয়া থানার এসআই ইমরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহবুবের সঙ্গে নুর মোহাম্মদের জায়গার সীমানা নিয়ে আগে থেকে বিরোধ ছিল। ২৬ মার্চ সকালে চাটারা মোড়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নুর মোহাম্মদ ছুরি দিয়ে মাহবুবের পেটে আঘাত করে।”
এ ঘটনার পর নুর মোহাম্মদকে স্থানীয় লোকজন ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ছুরিকাঘাতের ঘটনার দিনই মাহবুবের স্ত্রী নুর মোহাম্মদকে আসামি করে মামলা করেন। সেই মামলায় নুর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানো হয়।
এসআই ইমরুল বলেন, “নুর মোহাম্মদ কারাগারে আছেন। এ মামলায় ৩০২ ধারা যুক্ত করে আদালতে আবেদন করা হয়েছে।”
