১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাউজানে গুলি করে যুবক খুন, গ্রেপ্তার ২

হত্যাকান্ডের ঘটনায় অন্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের অভিযান চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 08:11 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

চট্টগ্রামের রাউজানে ‘পূর্ব বিরোধের জেরে’ গুলিতে যুবক খুনের ঘটনায় দুই জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। 

উপজেলার পূর্ব রাউজান এলাকা থেকে শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই জন হলেন- মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)। 

রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত যুবকের বাবা ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। 

পুলিশ রাতে অভিযান চালিয়ে শফি ও সুমনকে গ্রেপ্তার করে। যারা মামলার ৩ ও ৫ নম্বর আসামি বলে জানিয়েছেন ওসি। 

ওসি সাজেদুল বলেন, “নিহত যুবকের বাবা মামলায় বলেছেন, পূর্ব বিরোধের জেরে আসামিরা তাকে খুন করে।” 

হত্যাকাণ্ডের ঘটনায় অন্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের অভিযান চলছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার ভোর রাতে উপজেলার জঙ্গল রাউজান বিএমও ব্রিক ফিল্ড এলাকায় কাউছার জামান বাবলু নামে এক যু্বককে পিঠে গুলি করে খুন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, নিহত বাবলু আইনশৃঙ্খলা বাহিনীর ‘সোর্স হিসেবে কাজ করতেন’। 

এসব নিয়ে তার সঙ্গে বিভিন্ন জনের বিরোধের সৃষ্টি হয়েছিল। সে জেরে বাবলুকে খুন করা হতে পারে।

আরও পড়ুন-

রাউজানে যুবককে গুলি করে হত্যা