২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে মূল্যস্ফীতি সীমিত রাখার লক্ষ্য আশাব্যঞ্জক: চট্টগ্রাম চেম্বার

ঘাটতি মোকাবেলায় বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ উৎসে গুরুত্ব দেওয়াকে দেশীয় সক্ষমতার বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি।

বাজেটে মূল্যস্ফীতি সীমিত রাখার লক্ষ্য আশাব্যঞ্জক: চট্টগ্রাম চেম্বার
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরে প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক অবস্থা গড়ার প্রত্যয়ে ঘোষিত বাজেটকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মূল্যস্ফীতি সীমিত রাখার যে লক্ষ্য বাজেটে রাখা হয়েছে তাকে আশাব্যঞ্জক বলেছেন চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। 

সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য দিয়েছেন। 

বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে রোববার এক বিবৃতিতে মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, “বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ আশাব্যঞ্জক। এই প্রেক্ষিতে বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো কোনো ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার ও কিছু ক্ষেত্রে হ্রাস করা হয়েছে। 

“আবার দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার ৩ শতাংশ থেকে ২শতাংশে নির্ধারণ এবং বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে আগাম কর ৫শতাংশ এর পরিবর্তে সাড়ে ৭ শতাংশ  নির্ধারণ করায় দেশীয় শিল্প উদ্যোক্তারা উপকৃত হবেন।”

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জ্বালানি, বিশেষ করে পেট্রোলিয়ামজাত পণ্য, এলএনজি এবং আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক হ্রাস করায় দ্রব্যমূল্য কমার পাশাপাশি বাজারে স্বস্তি ফিরে আসবে এবং সরকারের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। 

এলডিসি উত্তরণ পরবর্তী দেশীয় শিল্পকে সুরক্ষার সর্বোচ্চ প্রতিফলন এবারের বাজেটে ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, “দেশীয় পুঁজিবাজারকে চাঙ্গা করতে এবং বিনিয়োগকারীদের উৎসাহিত করতে আশার বাণী আছে এই বাজেটে।” 

চেম্বার প্রশাসক বলেন, বাজেটে মোট ব্যয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, মোট আয় ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা এবং মোট ঋণ ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে। 

ঘাটতি বাজেট মোকাবেলায় বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ উৎসে গুরুত্ব দেওয়াকে দেশীয় সক্ষমতার বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি। 

বিবৃতিতে বলা হয়, এবারের বাজেটে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে মানবসম্পদ উন্নয়ন তথা শিক্ষা খাতকে। এ খাতে মোট বরাদ্দ দেয়া হয়েছে ৬৯ হাজার ৪৭৩ কোটি টাকা, কৃষি ও পল্লী উন্নয়নে ৫৫ হাজার ৭০০ কোটি টাকা এবং জ্বালানি অবকাঠামোগত খাতে ২২ হাজার ৩৭০ কোটি টাকাসহ মোট ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি হিসেবে ব্যয় নির্ধারণ করা হয়েছে।  

চেম্বার প্রশাসক বলেন, বাজেটে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে টার্নওভার করের আওতামুক্ত সীমা ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি এবং ব্যাংকে আবগারি শুল্কের ক্ষেত্রে ১ লাখ টাকার পরিবর্তে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক অব্যাহতি দেওয়ায় সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হবে।