রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ‘জড়িত’ ৩ জন অস্ত্রসহ গ্রেপ্তার
“রাউজান ও নগরীতে বুধ ও বৃহস্পতিবার তিনটি ঘটনায় নয়জন গুলিবিদ্ধ হয়েছে,” বলেন র্যাব-৭ অধিনায়ক।
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে র্যাব।
শুক্রবার ভোরে নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- ইসতিয়াক চৌধুরীর অভি (৩৮), মো. জনি (৩৮) ও মাহমুদুল হক জ্যাকি (৩৫)।
তাদের মধ্যে অভি রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক।
র্যাব-৭ এর অধিনায়ন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, রাউজানে গোলাগুলির ঘটনার পর থেকে র্যাবের বিভিন্ন দল অভিযান শুরু করে। অভিযানে চন্দনপুরা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ অভি এবং অন্য দুইজনকে গ্রেপ্তার করা হয়।
চার রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ জব্দ করা পিস্তলটি হামলায় ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুইয়াপাড়া এলাকায় বুধবার রাতে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন—রাউজান উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ, বাগোয়ান ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ইসমাইল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল, বিএনপিকর্মী সোহেল ও ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম।
ঘটনার পর রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন সাংবাদিকদের বলেছেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইসিতয়াক চৌধুরী অভির নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছিল।
স্থানীয় লোকজন বলছেন, উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।
আহতরা সবাই গোলাম আকবর খোন্দকারের অনুসারী।
সংবাদ সম্মেলনে গ্রেপ্তার তিনজনের রাজনৈতিক পরিচয় কী, তা জানতে চাইলে র্যাব-৭ অধিনায়কক বলেন, “তাদের মধ্যে ঝগড়াঝাটি থেকে মারামারি এবং সেখানে গোলাগুলি হয়েছে। এখানে অপরাধের বিষয়টি আমাদের কাছে মুখ্য বিষয়। কে কোন দলের সেটা আমাদের কাছে মুখ্য বিষয় না।”
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এক রিকশাচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তথ্য দিয়ে র্যাব কর্মকর্তা বলেছেন, আরমান আলী রাজ নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ অধিনায়ক হাফিজুর রহমান বলেন, বুধ ও বৃহস্পতিবার নগরী ও রাউজানে তিনটি ঘটনায় ৯ জন গুলিবিদ্ধ হয়েছে।
এসসব ঘটনায় মোট ছয়জন গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে সরোয়ার হত্যা মামলায় দুইজন, রাউজানের ঘটনায় তিনজন এবং রিকশাচালককে গুলির ঘটনায় একজন।
আগের খবর:
