চট্টগ্রাম মেয়রের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
“নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হলে উৎসবমুখর নির্বাচনি পরিবেশ ও কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে,” প্রতিনিধি দলকে বলেন মেয়র।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে দেখা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচনি তথ্যানুসন্ধানী প্রতিনিধি দল।
নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে বুধবার বিকালে তাদের বৈঠকে হয়েছে।
সাত সদস্যের প্রতিনিধি দলটি ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে মেয়রের ব্যক্তিগত মতামত জানতে চায়। জবাবে সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে ১০টি বিষয় তুলে ধরেন শাহাদাত হোসেন।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হলে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। সব দলের জন্য সমান সুযোগ তথা শাসক দল রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করবে না এবং বিরোধী দলগুলোকে ভয়ভীতি ছাড়া প্রচার চালাতে দিতে হবে।
“সঠিক ও অন্তর্ভুক্তিমূলক ভোটার তালিকা, তথা হালনাগাদ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে, যাতে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠী বাদ না পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা তথা পুলিশ, র্যাব, বিজিবি, প্রশাসনসহ সব বাহিনীকে অরাজনৈতিক থাকতে হবে। তাদের ভূমিকা হবে নিরাপত্তা দেওয়া, ভয় সৃষ্টি নয়। মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা তথা সাংবাদিকরা যেন নির্ভয়ে নির্বাচন কাভার করতে পারেন। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।”
সক্রিয় নাগরিক সমাজ ও পর্যবেক্ষক তথা দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে মন্তব্য করে মেয়র বলেন, “নাগরিক সমাজকে ভোটার সচেতনতা ও অনিয়ম প্রতিবেদন করার সুযোগ দিতে হবে। স্বচ্ছ নির্বাচনি প্রক্রিয়া তথা মনোনয়ন থেকে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপ স্বচ্ছ হতে হবে।
“বিচার ব্যবস্থার নিরপেক্ষতা তথা নির্বাচনি বিরোধ দ্রুত ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ও গণতান্ত্রিক সংস্কৃতি তথা শাসক ও বিরোধী দলকে সহনশীলতা ও শান্তিপূর্ণ আচরণ প্রদর্শন করতে হবে। ভোটার শিক্ষা ও অংশগ্রহণ তথা ভোটারদের তাদের অধিকার ও ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে।”
ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি। অন্য সদস্যরা হলেন- হেড অব সেক্টর রেজিনাল্ড সোয়েনেন, পলিসি অফিসার ফ্রেডেরিক শুমান, টিম লিডার মেটে বাকেন, লিগ্যাল এক্সপার্ট জোয়াকিম ম্যানুয়েল ওয়ালি, লজিস্টিকস এক্সপার্ট টেরি মুরে পিন্টো এবং সিকিউরিটি এক্সপার্ট ইয়ান জেমস মিলার।
সাক্ষাৎ অনুষ্ঠানে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী উপস্তিত ছিলেন।
