২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বই বিনিময়ে চট্টগ্রামবাসী

“এই বই বিনিময় উৎসব চট্টগ্রামের তেমনই এক নতুন ঐতিহ্য হিসেবে গড়ে উঠেছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 03:31 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

চট্টগ্রামের জামালখানে চলছে সপ্তম বই বিনিময় উৎসব।

শুক্রবার সকালে দিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। 

তিনি অনুষ্ঠানে বলেন, “প্রতিবার এই বই বিনিময় উৎসব তার নিজের কলেবরকে বড় করছে। এত সীমাবদ্ধতার ভেতরেও সাহিত্যের প্রতি তাদের এই মুগ্ধতা আমাদের উচ্ছ্বসিত করে। চট্টগ্রামের অসংখ্য ঐতিহ্য ও ঐতিহাসিক স্থান আছে। 

“এই বই বিনিময় উৎসব চট্টগ্রামের তেমনই এক নতুন ঐতিহ্য হিসেবে গড়ে উঠেছে। এই ঐতিহ্যকে আমাদের সংরক্ষণ করতে হবে। স্মার্টফোনের এই যুগেও বইয়ের আবেদন যে কমেনি তা এরকম উদ্যোগের মধ্য দিয়েই প্রমাণিত হয়।”

১১টি ক্যাটাগরিতে নিবন্ধন করে বই বিনিময়ের সুযোগ আছে এবারের উৎসবে। 

স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজের উদ্যোগে এবারের বই বিনিময় উৎসবে যোগ হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। ‘প্রায়োরিটি বাংলাদেশ’ নামে চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের সাহিত্য, সিনেমা, লোকগান, ইতিহাস, চট্টগ্রাম, জাতিবৈচিত্র‍্য ও অন্যান্য বিষয়ে বিভিন্ন স্থিরচিত্র। 

বই বিনিময় উৎসবে একজন পাঠক তার পঠিত বইটি রেখে অন্য বই বিনিময় করে নিয়ে যেতে পারেন বিনামূল্যে। 

জামালখান মোড়ে সড়কের দু'পাশের ফুটপাতে সারি সারি সাজানো বইয়ের স্টলে বইপ্রেমীদের আনাগোনা দেখা গেছে। এবারের উৎসবের স্লোগান ‘বই নয়, জ্ঞানের বিনিময়’। 

দোহাজারী থেকে আসা কলেজ শিক্ষক শাহরিয়ার ইমশিয়াত বলেন, “মানুষকে বইয়ের কাছাকাছি রাখার এই উদ্যোগ একটি পাঠকনির্ভর সমাজ তৈরি করবে। বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে এই তরুণেরা যেভাবে নিজেদের ভেতর লালন করছে তা আশাব্যঞ্জক।”

বই বিনিময় উৎসবের সমন্বয়ক ও ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর বলেন, “আমরা আজ থেকে ৬ বছর আগে পাঠক তৈরির উদ্দেশ্যে যে বই বিনিময় উৎসব শুরু করেছিলাম; বইমেলার মতো বই বিনিময় উৎসবের জন্যও পাঠক এখন অপেক্ষা করে থাকেন। 

“বিশেষ করে যারা বই কিনতে চান, কিন্তু পারেন না অর্থাভাবে—তাদের জন্য বই বিনিময় উৎসব বই পড়া অব্যাহত রাখতে সাহায্য করছে। বই বিনিময় উৎসবে প্রতিবছর হাজার হাজার পাঠকের সমাবেশ ঘটে। এই মানুষদের ‘বাংলাদেশ’ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার বার্তা নিয়েই এবারে যোগ করা হয়েছে চিত্র প্রদর্শনীটি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সামসুদ্দিন ইলিয়াস, সিটি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আল জোবায়েদ, বই বিনিময় উৎসবের আয়োজক সদস্য আকিবুল ইসলাম জিশাদ, কাজী সদরুল্লাহ রাকিব, অহনা বড়ুয়া, সানজিদা রহমান, তূর্ণ পাল।

এবার বই বিনিময় উৎসবে কথাসাহিত্য, শিশুসাহিত্য, প্রবন্ধ, হুমায়ুন- ছফা, কবিতা, ইতিহাস, রাজনীতি ও আত্মজীবনী, ক্যারিয়ার ও বিজ্ঞান, একাডেমিক সহ মোট ১১টি স্টলে বই বিনিময় করার সুযোগ রাখা হয়েছে। 

এবারের বই বিনিময় উৎসবে ২৫ হাজারের অধিক বই বিনিময় হবে বলে আশা করছেন আয়োজকরা।