Published : 26 Mar 2026, 09:30 PM
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে ৩১ হাজার টন পরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে আরেকটি জাহাজ।
সিঙ্গাপুর থেকে আসা ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজটি বৃহস্পতিবার বন্দরের জলসীমায় এসে পৌঁছায়।
এ জাহাজে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফাত হামিমের দেওয়া তথ্য অনুযায়ী জাহাজটি বর্তমানে কুতুবদিয়া চ্যানেলে অবস্থান করছে।
ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী পার হয়ে এবং অন্য পথে গেল এক মাসে জ্বালানিবাহী মোট ২৯টি জাহাজ দেশে এসেছে। এর মধ্যে জ্বলানি তেল ছাড়াও এলএনজি ও এলপিজিবাহী জাহাজ রয়েছে।
মঙ্গলবার ৩০ হাজার টন জ্বলানি তেল নিয়ে ‘এমটি পিভিটি সেলানা‘ নামে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জাহাজটি মালয়েশিয়া থেকে তেল নিয়ে আসছে।
এছাড়া ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ বৃহস্পতিবার বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার ‘নিউ ব্রেভ‘ নামের এলএনজিবাহী একটি জাহাজ বন্দরে আসবে।
আগামী ৪ এপ্রিল ‘সেলসিয়াস গ্যালাপোগোস‘ নামে আরেকটি জাহাজ এলএনজি নিয়ে বন্দরে আসার কথা রয়েছে।
বাংলাদেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন। চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। আর বাকি ৮০ শতাংশ জ্বালানি তেল পরিশোধিত অবস্থায় আনা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে।