২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

“ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি; জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে,” বলেন ওসি জসিম উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 09:21 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

চট্টগ্রামে ছাত্রদলের সাবেক এক নেতার বাড়ি লক্ষ্য করে ‘১৫ থেকে ২০ রাউন্ড’ ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ তোলা আহমেদ রেজা বলেছেন, প্রতিবেশীর সীমানা দেয়াল নির্মাণ নিয়ে চাঁদা দাবির প্রতিবাদ করায় এ ঘটনা ঘটানো হয়। 

আহমেদ রেজা যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটির পদ প্রত্যাশী। তার বাবা ডা. ফরিদ উদ্দিন ওরফে ফরিদ মেম্বার বায়েজিদ বোস্তামী ওর্য়াড বিএনপির সভাপতি ছিলেন। 

তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

ঘটনার বিষয়ে সাবেক ছাত্রদলনেতা আহমেদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত শনিবার আমাদের বাড়ির পাশে একটি জায়গায় সীমানা দেয়াল নির্মাণ করার সময় কিছু লোক এসে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দেয়াল নির্মাণের কন্ট্রাক্টর জনি আমাকে ফোনে বিষয়টি জানিয়ে সহযোগিতা চায়।” 

তিনি বলেন, “আমি সেখানে গিয়ে চাঁদা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তারা চা-নাস্তা খাওয়ার কথা বলে। কয়েক হাজার দিতে চাইলেও তারা সেটি না নিয়ে ৫০ হাজার টাকায় অনড় থাকে। পরবর্তী সময়ে তারা সেখান থেকে চলে যায়। এ ঘটনার পর রাতে কয়েক দফায় অজ্ঞাত নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল করে হুমকি দেয়।

‘‘সর্বশেষ রোববার রাতে চারজন যুবক মুখে মাস্ক পরে আমাদের বাড়ি লক্ষ্য করে ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তারা হয়তো ভয়ভীতি দেখাতেই গুলি চালিয়েছে।”

পুলিশ ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করে নিয়ে গেছে মন্তব্য করে আহমেদ রেজা বলেন, “আমার বাবা বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আমরাও রাজনীতি করি। এলাকার কোনো বিষয়ে কেউ ডাকলে আমাদের যেতে হয়। সেকারণে ওই ঘটনায় আমি সেখানে গিয়েছিলাম।” 

কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, “তারা মুখে মাস্ক পরে এসেছিল; চিনতে পারিনি। বায়েজিদ বোস্তামী এলাকার বাদামতল, চালিতাতলী এলাকা থেকে তারা এসেছিল বলে ধারণা।”

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য নাজিমুর রহমান এক বিবৃতিতে বলেছেন, সাবেক বিএনপি নেতা ফরিদ উদ্দিনের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী গোষ্ঠীর এলোপাথাড়ি ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি ছুড়েছে। এতে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। 

বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় অবস্থান নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তারা নিয়মিতভাবে অবৈধ অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভীতিসহ হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কেউ মামলা করেননি।”