১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ-পরীর ঘরে’ নতুন অতিথি

ঈদের দুই দিন আগে ৯ এপ্রিল সকালে বাঘিনী ‘পরী’ তিন শাবকের জন্ম দেয়। এর মধ্যে একটি মৃত ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 08:01 PM

Updated : 24 Apr 2024, 08:01 PM

চট্টগ্রাম চিড়িয়াখানায় আবারও বাঘের ছানার জন্ম হয়েছে। 

গত ১৯ এপ্রিল আফ্রিকা থেকে আনা বাঘ রাজ-পরীর ঘরে শাবকগুলোর জন্ম হলেও ১৫ দিন পর বুধবার সন্ধ্যায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এর খবর জানায়।  

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের দুই দিন আগে ৯ এপ্রিল সকালে বাঘিনী ‘পরী’ তিন শাবকের জন্ম দেয়। এর মধ্যে একটি মৃত ছিল।” 

বাকী দুইটি ছানা সুস্থ এবং মায়ের সাথে আছে। দুইটি শাবকই মেয়ে বলে জানান তিনি। 

ডেপুটি কিউরেটর শুভ বলেন, নতুন দুটি শাবকসহ বর্তমানে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা ১৯টি। যার মধ্যে ১৩টি বাঘিনী। 

১৯টি বাঘের মধ্যে পাঁচটি সাদা বলে জানান তিনি। 

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি চিড়িয়াখানায় বাঘিনী জয়া তিনটি বাঘ শাবকের জন্ম দিয়েছিল।  

চার বছর বাঘহীন থাকা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ ২০১৬ সালে বাঘ কেনার উদ্যোগ নেয়। 

২০১৬ সালে ৩৩ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে সংগ্রহ করা হয় বেঙ্গল টাইগার প্রজাতির এক জোড়া বাঘ-বাঘিনী। ১১ ও ৯ মাস বয়েসী বাঘ-বাঘিনীর নাম দেয়া হয় রাজ-পরী। 

২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরীর ঘরে প্রথমবারের মত তিনটি শাবকের জন্ম হয়। তার মধ্যে দুটি ছিল সাদা এবং একটি কমলা-কালো ডোরার, নাম জয়া। 

সাদা দুই শাবকের মধ্যে একটি একদিন পরই মারা যায়।