২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার থেকে আসার পথে মঙ্গলবার ভোরে ইয়াবাসহ ধরা পড়েন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 06:08 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

চট্টগ্রামের বাকলিয়ায় শাহ আমানত সেতু এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার আশিকুল ইসলাম (৩০) খুলনা জেলা পুলিশে দায়িত্বরত ছিলেন। কক্সবাজার থেকে আসার পথে মঙ্গলবার ভোরে ইয়াবাসহ ধরা পড়েন তিনি। 

বাকলিয়া থানা পুলিশ শাহ আমানত সেতুর বশিরুজ্জামান চত্বর এলাকায় একটি বাসে তল্লাশি চালালে আশিকুল ইসলামের ব্যাগে ইয়াবা পাওয়া যায়। 

বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।” 

গত বছরের ৮ ডিসেম্বর রাতে একই স্থানে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ মো. ইমতিয়াজ নামে এক পুলিশ সদস্যেকে আটকের পর ‘গোপনে’ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বাকলিয়া থানা পুলিশের বিরুদ্ধে। 

এ নিয়ে পরে দুটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত খবরে হয়। সেই প্রতিবেদন দেখে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ গত ২৩ ডিসেম্বর স্বঃপ্রণোদিত হয়ে মামলা করেন।

ইয়াবা আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় সিএমপি কমিশনারের নির্দেশে একটি অভ্যন্তরীণ তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় আট পুলিশ সদস্যেকে সাময়িক বরখাস্তও করা হয়।