১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির লিফলেট বিলির সময় গ্রেপ্তার ২

তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 07:43 PM

Updated : 22 Dec 2023, 07:43 PM

বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ লিফলেট বিলির সময় চট্টগ্রামে দলটির এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নগরীর বন্দর থানার কলসীদিঘীর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন– চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও স্থানীয় যুবদল নেতা আরিফুর রহমান আরিফ।

চট্টগ্রাম বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বাহার মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বিএনপির দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী জানান, শুক্রবার দুপুরে কলসী দিঘীর পাড় এলাকায় জুমার নামাজ পড়ে বিএনপি নেতা আজিজ ও যুবদল নেতা আরিফ লিফলেট বিতরণ করছিলেন। সে সময় পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

তাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ও চট্টগাম বিএনপির নেতারা, যার মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

বিবৃতিতে তারা বলেন, আগামী ৭ জানুয়ারি ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা ‘দখল’ করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।