Published : 24 Feb 2026, 05:19 PM
চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিডিপিসি) সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানা এ জরিমানা করেন। এসময় বিপিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বলছে, চট্টগ্রাম মহানগরীর জামালখান ওয়ার্ডের জয়পাহাড় এলাকায় পাহাড় কাটছিল বিপিসি। এলাকায় বিপিসির কয়েকটি বাংলো রয়েছে। সোমবার অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তার সত্যতা পায়। এরপর মঙ্গলবার শুনানির দিন ধার্য করে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই স্থানে মোট ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়।”
তিনি বলেন, পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত (২০১০) এর ৬ (খ) ধারার অপরাধের জন্য মোট ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি কাটা পাহাড়টি আগের অবস্থায় ফিরিয়ে আনাসহ অনুমোদন ছাড়া কোনো ধরনোর পাহাড় বা টিলা কাটা থেকে বিরত থাকতেও নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে বিপিসির ডিজিএম জোবায়ের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাহাড় ধস ঠেকানোর জন্য আমার ওই স্থানে রিটেইনিং ওয়াল দিচ্ছিলাম। আমরা পাহাড় কাটছিলাম না, দেয়াল দিচ্ছিলাম।”