চাকসু নির্বাচন: ভোটের কালি ‘মুছে যাওয়ার’ অভিযোগ ছাত্রদলের তৌফিকের
“আমাদের কাছে অভিযোগ এসেছে ২১৪ নাম্বার রুমে সিগনেচার ছাড়া ব্যালট পেপার গিয়েছে।”
ভোটাদনে শিক্ষার্থীদের আঙুলে যে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে, সেটি ‘মুছে যাচ্ছে’ বলে অভিযোগ করেছেন ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়ে প্রকৌশল অনুষদের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “প্রশাসন আরও ভালো কালির ব্যবস্থা করতে পারত। যেহেতু বাইরে সবাই ঘুরবে, কে ভোট দিয়েছে, কে না দিয়েছে সেটা তো আর খাতা দেখে চিহ্নিত করা সম্ভব না।
“আমরা তাদের আঙুল দেখলে বুঝতে পারতাম। কিন্তু, যেহেতু আঙুলের কালি মুছে যাচ্ছে, এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে।”
তৌফিক বলেন, তিনি মনে করছেন এ বিষয়টি নিয়ে প্রশাসন বা নির্বাচন কমিশনের ত্বড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া উচিত।
ছাত্রদলের এজিএস প্রার্থী অভিযোগ করে বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে ২১৪ নাম্বার রুমে সিগনেচার ছাড়া ব্যালট পেপার গিয়েছে। আমি গিয়েছিলাম সরেজমিনে সেই কক্ষে এবং দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা মন্তব্য করতে রাজি হয়নি।
তিনি বলেন, “নির্বাচন কমিশন এই বিষয়ে কথা বলবেন। আমাদের কাছে এই বিষয়টি পুরোপুরি স্পষ্ট না। আমরা চেষ্টা করছি, আর আমাদের পোলিং এজেন্টও আমার কাছে অভিযোগ করেছে। তো সেই জায়গায় আমরাও নির্বাচন কমিশনকে এই তথ্যগুলো জানাব।”
এটা কেবল ওই কেন্দ্রের অভিযোগ কী না জানতে চাইলে তিনি বলেন, “আমি আপাতত এই জায়গায় এসে এই তথ্যটা শুনতে পেরেছি। আমি বিবিএতে যাব, সমাজবিজ্ঞানে যাব, সায়েন্স ফ্যাকাল্টিতে যাব। অন্যান্য যেই জায়গাগুলো আছে ওখানে যাব, আমাদের এজেন্টের সাথে কথা বলব। তারপর হয়ত যদি আরও কোনো অসঙ্গতি থাকে সেটা আপনাদেরকে জানাব।”
বহিরাগতদের প্রবেশ বা এ ধরনের কোনো কিছু কি আপনারা দেখেছেন কী না প্রশ্নের জবাবে তৌফিক বলেন, “গতকালকেও আমরা সংবাদ সম্মেলনে বহিরাগতদের ব্যাপারে বলেছি। আমি বলছি যে, যার বৈধ পাস নেই, সে যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক বাইরে, তার বৈধ পাস না থাকলে সে যেন আমার বিশ্ববিদ্যালয়ে না আসতে পারে।
“আমার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, শিক্ষার্থীদের নির্বাচন। এখানে বহিরাগত আসার কোনো প্রশ্নই আসে না। আর যদি বহিরাগত আসে এটার দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।”
সার্বিক পরিবেশ নিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত সবাই তো আসছে ভোট দিতে। তো বেলা বাড়ার সাথে সাথে আরও সামনে গেলে আমরা বুঝতে পারব। এখন পর্যন্ত ভালো দেখছি।”
কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ আর হোস্টেল সংসদের নির্বাচনে ৩০ মিনিট দেরিতে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকার ৪টা পর্যন্ত।
পাঁচটি ভবনের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবারের চাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে ১৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের নামে প্যানেল দিলেও ইসলামী ছাত্রশিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেলে নির্বাচন করছে।
এছাড়া ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ‘দ্রোহ পর্ষদ’ নামে প্যানেল দিয়ে চাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এছাড়া কয়েকটি বাম ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন মিলিয়ে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছে।
ভিপি পদে ২৪ এবং জিএস পদে ২২ জন ভোট করছেন।
