Published : 24 Nov 2025, 08:52 PM
চট্টগ্রামে কম্বলের গুদামে লাগা আগুন আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নেভানো হয়েছে।
এর আগে বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার দুপুরে নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ওই কম্বলের গুদামে আগুন লাগে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর ১টা ৩৫মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ভবন উত্তপ্ত হয়ে ছিল। সেখানে পানির সংকটও আছে।
“রাত ৮টার দিকে নির্বাপনের কাজ শেষ করেছি। এখনও আমরা ঘটনাস্থলে আছি।”
আগুনে ওই গুদামের কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, “আগুনে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্তের পর বলা যাবে।”
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট নিয়ে কর্মীরা কাজ করেন।