‘পারিবারিক কলহে’ সন্তানকে দত্তক দিয়েছিল মা, দাদীর অভিযোগের পর পুলিশ ফিরিয়ে আনল
শিশুটির দাদীর অভিযোগ, নাতনি মারা গিয়েছে এবং তাবে দাফন করা হয়েছিল বলে তাকে জানানো হয়েছিল।
স্বামীর সাথে ‘পারিবারিক কলহের জেরে’ এক মাস বয়সি শিশুকে এক আত্মীয়র কাছে দত্তক দিয়েছিল মা। জানতে পেরে বিষয়টি নিয়ে দাদী থানা-পুলিশ করায়, শিশুটি ফিরেছে বাবা-মায়ের কোলে।
এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।
বোয়লখালী থানার ওসি মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা শিশুটির বাবা মো. রাকিব ও মা রোকসানা বেগমের মধ্যে পারিবারিক কলহের পর রোকসানা তার খালার বাড়িতে চলে যায়।
“সেখানে রোকসানা তার খালাত বোনের নিঃসন্তান দেবর দম্পতিকে তার এক মাস বয়েসী শিশুটিকে দত্তক দিয়ে দেয়।”
এ বিষয়টি নিয়ে শিশুটির দাদী থানায় অভিযোগ করে বলে জানান ওসি মোজাম্মেল। তারপর শনিবার রাতে হাটাহাজারি উপজেলা থেকে শিশুটিকে এনে বাবা-মায়ের হাতে তুরে দেওয়া হয়।
ছেলে ও পুত্রবধূর বিবাদের কথা উল্লেখ করে শিশুটির দাদি ফিরোজা বেগম বোয়ালখালী থানায় অভিযোগ করেছিলেন। তাতে বলা হয়, গত ২০ জুন রাকিব-রোকসানার ঘরে একটি মেয়ে শিশুর জন্ম হয়। ২৭ জুলাই শিশুটি মারা গেছে এবং তাকে দাফন করার সংবাদ ফিরোজা বেগমকে জানানো জানানো হয়।
নাতনির মৃত্যু সংবাদ পাওয়ার পর দিন ফিরোজা তার পুত্রবধূর খালার বাড়িতে যান। সেখানে তিনি বিষয়টি নিয়ে জানতে চাইলে, তারা ক্ষিপ্ত করে ফিরোজাকে মারধরের জন্য উদ্যত হয় বলে অভিযোগ করেছেন তিনি।
