পরিবর্তনটা বুঝতে হবে, তা না হলে ভবিষ্যৎ নেই: আমীর খসরু
“ভালো মানুষ না হলে শিক্ষার কোনো মূল্য নেই। সর্বক্ষেত্রে ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।”
ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পর দেশের জনগণের মনোজগতে পরিবর্তন এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা সেটা ধারণ করতে পারবে না তাদের জন্য আগামী বাংলাদেশ কঠিন হবে।
রোববার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা সবাইকে বুঝতে হবে। যারা বুঝতে পারবে না, সে রাজনীতিবিদ হোক, শিক্ষক হোক, তার কোনো ভবিষ্যৎ নেই।
“বাংলাদেশের প্রতিটি মানুষের চিন্তা, ভাবনা, দর্শন একেবারে বদলে গেছে। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে না তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে।”
তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে শিক্ষার কোনো মূল্য নেই। সর্বক্ষেত্রে ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিভাসুর উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান।
‘সমারম্ভ বক্তা’ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভাসুর কোষাধ্যক্ষ মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন ফেরদৌসী আকতার এবং ফিশারিজ অনুষদের ডিন শেখ আহমাদ-আল-নাহিদ।
গুচ্ছ পদ্ধতিতে এবার সিভাসুর চারটি অনুষদে মোট ২৭০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ১ জানুয়ারি থেকে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে।
