Published : 21 Sep 2025, 12:57 PM
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের পর এবার ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ আরও পাঁচটি দেশে ‘পলাতক’ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের তথ্য পেয়েছে দুদক।
রোববার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় সাবেক মন্ত্রী জাবেদের স্ত্রী রুকমিলা জামালের ব্যক্তিগত গাড়ি চালকের বাড়ি থেকে জব্দ করা বিপুল পরিমাণ নথি থেকে এসব সম্পদের সন্ধান পাওয়ার কথা জানান দুদক কর্মকর্তারা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ পরিচালক মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত দুই কর্মচারীকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে ভোর রাতে আমরা কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় রুকমিলা জামালের ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াছের বাড়িতে অভিযান পরিচালনা করি।
“সেখান থেকে ২৩ বস্তা নথি জব্দ করা হয়েছে। এসব নথিতে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের তথ্য পেয়েছি।”
উপ পরিচালক মশিউর বলেন, “এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই ও সিঙ্গাপুরে তার সম্পদের তথ্য পেয়েছিলাম। আজ আরও পাঁচটি দেশের পেয়েছি। আমরা অভিযানে বিপুল পরিমাণ নথি জব্দ করেছি। সেগুলো এখনও সব যাচাই বাছাই করতে পারিনি। যাচাই বাছাইয়ের পর আরও তথ্য পেতে পারি।”
দুদক কর্মকর্তারা জানান, জব্দ করা নথিগুলোর মধ্যে বিভিন্ন দেশে কেনা সম্পদের তথ্য, আয়কর, ভাড়ার রশিদসহ বিভিন্ন ধরনের তথ্য রয়েছে।
গত বুধবার রাতে আরামিট গ্রুপের কর্মকর্তা আবদুল আজিজ ও উৎপল পাল নামে দুজনকে গ্রেপ্তার করেন দুদক কর্মকর্তারা। বৃহস্পতিবার তাদের আদালতের অনুমতি নিয়ে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিরুদ্ধে 'রেড নোটিস' জারির আদেশ
দেশ-বিদেশে সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ
তাদের তথ্যে শনিবার গভীর রাত থেকে সাবেক মন্ত্রী জাবেদের স্ত্রী রুকমিলা জামালের ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াছের বাড়িতে তল্লাশি চালায় দুদক কর্মকর্তারা।
দুদক কর্মকর্তারা জানান, গ্রেপ্তার আবদুল আজিজ সাবেক মন্ত্রী জাবেদের পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট গ্রুপের সহকারী মহা ব্যবস্থাপক। তাকে ইম্পেরিয়াল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়া হয়েছিল। দুদকের করা মামলায় তিনি আসামি।
উৎপল পাল আরামিট গ্রুপের এজিএম (অ্যাকাউন্টস) হিসেবে কর্মরত আছেন। তিনি সাবেক মন্ত্রী জাবেদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিদেশে সম্পদ অর্জন ও দেখভালের দায়িত্বে ছিলেন। দুদকের তদন্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করতে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।