চাকসু: ‘বন কাগজে’ ভোটের প্রচার
‘প্রচারপত্রটি মাটিতে ফেলে দেওয়া হলে নষ্ট হয়ে গাছ জন্মাবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রচারপত্রে সয়লাব।
এর মাঝে ব্যতিক্রমী প্রচারপত্র দেখা গেছে শাহজালাল হলের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাহমুদুর রহমান তামিমের।
তামিম তার প্রচারপত্র তৈরি করেছেন ‘বন কাগজ’ দিয়ে। নিজের ছবি সম্বলিত এ প্রচারপত্রে লেখা আছে তার ব্যালেট নম্বরও।
বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের এই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু আমি পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছি, সেহেতু পরিবেশ দূষণের বিষয়টিও আমাকে দেখতে হবে। সাধারণ কাগজ যেখানে সেখানে ফেলা হলে সহজে নষ্ট হয় না। সেজন্য আমি বন কাগজ দিয়ে প্রচারপত্র তৈরি করেছি।
“রিসাইক্লিং করে তৈরি করা এ কাগজটিতে গাছের বীজ আছে। সেটি মাটিতে ফেলে দেওয়া হলে নষ্ট হয়ে গাছ জন্মাবে।”
তামিম বলেন, এ প্রচারপত্রটি চট্টগ্রামে ছাপানো যায়নি। সেজন্য ঢাকা থেকে তৈরি করে আনতে হয়েছে।
“আমার ইচ্ছা আছে সাধারণ কাগজে আমি লিফলেট তৈরি করব না। এ কাগজ দিয়ে এক হাজার লিফলেট তৈরি করেছি। সেগুলো দিয়েই প্রচার শেষ করার ইচ্ছা আছে আমার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাব।”
আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।
২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিন ক্যাম্পাসে শুরু হয় দুর্গা পূজার ছুটি। রোববার ক্যাম্পাস খোলার পর থেকে প্রার্থীরা জোরেশোরে প্রচার শুরু করেছেন।
কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি পদে নির্বাচন করছেন ৪১৫ জন। আর ১৫টি হল ও একটি হোস্টেল সংসদের বিভিন্ন পদে ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শাহজালাল হলে ১৪টি পদের মধ্যে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে একক প্রার্থী রয়েছে। তিনটি নির্বাহী সদস্যসহ বাকি পদগুলোতে প্রার্থীর সংখ্যা ৩৩।
তামিমের পদে নির্বাচন হবে দুই প্রার্থীর মধ্যে।
শাহজালাল হলে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৬৬৭।
