‘পাওনা টাকার বিরোধে’ আনোয়ারায় যুবক খুন
ওসি মনির হোসেন বলেন, “ছুরিকাঘাতকারী রাসেল ও নিহত মানিক দুই জনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা আছে। হত্যাকাণ্ডের পর থেকেই রাসেল পলাতক।”
চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
উপজেলার পরৈকোড়া ইউনিয়নের দেউতলা ভেণ্ডরঘাটা এলাকায় সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের নাম মো. মানিক (৩০), পরৈকোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তার বাসা।
এ হত্যাকাণ্ডের জন্য রাসেল নামে আরেক যুবককে দায়ী করা হচ্ছে। পুলিশ বলছে, মানিক ও রাসেল দুইজনই একাধিক মাদক মামলার আসামি।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাওনা টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
“প্রাথমিকভাবে জেনেছি, রাসেলের কাছে মানিক এক লাখ টাকা পাওনা ছিল। রাতে মানিক টাকা খুঁজতে রাসেলের বাড়িতে যান। সেখানে দুই জনের কথাকাটাকাটির পর রাসেল মানিককে ছুরিকাঘাত করে।”
গুরুতর অবস্থায় মানিককে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি বলেন, “ছুরিকাঘাতকারী রাসেল ও নিহত মানিক দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা আছে। হত্যাকাণ্ডের পর থেকেই রাসেল পলাতক।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাত ১২টার দিকে মানিককে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
