শৌচাগারে 'পা পিছলে' পড়ে হাসপাতালে সাবেক এমপি লতিফ
সন্ধ্যায় কারাগারে সাবেক এই সংসদ সদস্যের ওপর হামলা হয়েছে বলে খবর রটে যায়। তবে খবরটি ভুল বলে দাবি কারা কর্তৃপক্ষের।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে 'পা পিছলে' পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক সংসদ সদস্য এমএ লতিফ।
মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘনটার পর তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় শৌচাগারে পা পিছলে পড়ে যান এমএ লতিফ। তার নাক দিয়ে রক্ত পড়ছিল।
"কারা হাসাপাতালের চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
এদিকে সন্ধ্যায় কারাগারে এমএ লতিফের ওপর হামলা হয়েছে বলে খবর রটে যায়। তবে সে খবরটি ভুল বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।
জেল সুপার মঞ্জুর বলেন, এমএ লতিফ ডিভিশন প্রাপ্ত বন্দি, তিনি ডিভিশনের ওয়ার্ডে ছিলেন। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি।
সাবেক সংসদ সদস্যকে সন্ধ্যায় হাসপাতালে আনার তথ্য দিয়ে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা কর্তৃপক্ষের ভাষ্য শৌচাগারে পা পিছলে পড়ে গিয়েছিলেন এমএ লতিফ। তাকে এখন ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। সিটি স্ক্যানে তার মাথায় একটু সমম্যা পাওয়া গেছে।
চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে গত ১৭ অগাস্ট বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
পরে তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত। এরপর তাকে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
