২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশনের সামনে থেকে সরলেন বিক্ষোভকারীরা

তাদের অবস্থানের কারণে এক পর্যায়ে উভয়মুখী সড়কটির জিইসিমুখী অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশনের সামনে থেকে সরলেন বিক্ষোভকারীরা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর চট্টগ্রাম নগরীর নগরীর ২ নম্বর গেটে অবস্থান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 02:13 AM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষ করে ফিরে গেছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার রাত ১২টা ৫৫ মিনিটের দিকে তারা সেখান থেকে সরে যান। 

এদিন রাত ১১টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল মানুষ। 

এই কর্মসূচির খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নিয়েছিল। শুরুতে একবার বিক্ষোভকারীদের সরিয়ে দিলেও পরে তারা আবার জড়ো হয়।

হাদির মৃত্যু খবর প্রকাশের পরপরই রাত পৌনে ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। অন্যদিকে বিক্ষুব্ধদের একটি পক্ষ নগরীর ২ নম্বর গেটে অবস্থান নিয়েছিল।

খুলশীতে ভারতীয় সহকারি হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেয়া ব্যক্তিরা হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের কিছুটা দূরে সরিয়ে দেয়।

নগরীর খুলশী থানার ওসি শাহিন আলম তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, যারা হাইকমিশনের সামনে অবস্থান নিয়েছিলেন তাদের সরিয়ে দেয়া হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সেখানে আছে।

পরে বিক্ষুব্ধরা আবার জড়ো হন এবং ভারতীয় সহকারি হাইকমিশনের সামনের সড়কে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের অবস্থানের কারণে এক পর্যায়ে উভয়মুখী সড়কটির জিইসিমুখী অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন বিপরতীমুখী সড়কটি দিয়ে দুই দিকের গাড়িই চলছিল।

এসময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে- 'ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও', 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর', 'আমরা সবাই হাদি হবো, গুলির মুখে লড়ে যাবো', 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না', 'ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ', 'হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না', 'নায়ারে তাকবির, আল্লাহু আকবর'।

বিক্ষোভকারীরা বারবার ওই সড়কে মিছিল করছিল। কাছেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে ছিল।

রাত সাড়ে ১২টায় খুলশী থানার ওসি শাহিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুরুতে যারা জড়ো হয়েছিলেন, তাদের সরিয়ে দেওয়ার পরও আরো লোকজন এসে এখানে অবস্থান নেন। আমরা আছি।"

পরে রাত ঠিক ১২টা ৫৫ মিনিটে বিক্ষোভকারীরা ভারতীয় সহকারি হাইকমিশনের সামনের সড়ক থেকে অবস্থান কর্মসূচি শেষ করে চলে যান। এরপর সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।