১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সড়কে কাতরাচ্ছিলেন প্রসূতি

তিন দিন আগে তিনি বাসা থেকে বের হয়েছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2024, 07:34 PM

Updated : 12 Apr 2024, 07:34 PM

চট্টগ্রামে সড়কে সন্তান প্রসব হয়েছে ‘ঘর ছাড়া’ এক নারীর।

নগরীর পতেঙ্গা কাঠগড় এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ওই তরুণীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পতেঙ্গা থানার এসআই আশীষ কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে কাঠগড় মোড় ট্রাফিক বক্সের সামনে ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন বলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন আসে।

“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ভূমিষ্ঠ হওয়ার অবস্থায় নবজাতকটি ছিল এবং মা যন্ত্রণায় ছটফট করছিলেন। এসময় সড়কে থাকা তৃতীয় লিঙ্গের একজনকে ডেকে সহায়তা চাওয়া হয়। উনি এগিয়ে আসার পর আরও দুই নারীকে এনে কন্যা নবজাতকটি ভূমিষ্ঠ করানো হয়।”

এসআই আশীষ বলেন, ঈদের ছুটিতে পতেঙ্গা এলাকার বেসরকারি হাসপাতালগুলো খোলা না পেয়ে ইপিজেড থানায় যোগাযোগ করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে বন্দরটিলা এলাকায় মমতা মাতৃসদন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা আশীষ বলেন, “অনেক সন্ধান করে জানা যায়, মেয়েটির বাড়ি লহ্মীপুরের রামগতি উপজেলায়। চট্টগ্রাম নগরীতে তার মায়ের সাথে ভাড়া বাসায় থাকেন। ইপিজেড এলাকায় থাকলেও সম্প্রতি তারা পতেঙ্গা চর পাড়ায় বাসা ভাড়া নিয়েছেন।” 

ওই নারীর ভগ্নিপতি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়ে এসআই আশীষ বলেন, “তিনি জানিয়েছেন ভারসাম্যহীন এ নারী বিবাহিত। তবে তিনি স্বামীর সাথে থাকেন না। মায়ের কাছে থাকলেও বিভিন্ন সময়ে বাসা থেকে বের হয়ে যান।

“তিন দিন আগেও অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি বাসা থেকে বের হয়ে যান। আগেও তার তিনটি সন্তান আছে। ওই নারী সন্তানদের খোঁজ রাখে না।”