‘চোরাচালানের বিরোধে’ খুন হন শাহ আমানত কর্মচারী: পুলিশ
হত্যাকারীরা ও ওসমান সিকদার চোরাচালান চক্রের সাথে জড়িত বলে দাবি করেছেন নগর পুলিশের উপ কমিশনার রইছ উদ্দিন।
চট্টগ্রামের আউটার রিং রোডে দুই দিন আগে শাহ আমানত বিমানবন্দরের যে কর্মচারীর লাশ পাওয়া গেছে তাকে ‘চোরাচালান নিয়ে বিরোধের জেরে’ খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বিমানবন্দরের দুই কর্মচারীসহ তিনজনকে গ্রেপ্তার পর পুলিশ এ তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন সিভিল এভিয়েশনের বৈদ্যুতিক মিস্ত্রি ইব্রাহীম খলিল, প্রহরী বাদল মজুমদার ও নিহত ওসমান সিকদারের পূর্ব পরিচিত মো. আরিফ।
তাদের মধ্যে ইব্রাহীম খলিল শুক্রবার মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
নগর পুলিশের উপ কমিশনার (অপরাধ ও অভিযান) রইছ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার গ্রেপ্তার তিন জনকে পতেঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, “গ্রেপ্তার ইব্রাহীমের জবানবন্দি ও আমাদের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ‘বিমানবন্দর কেন্দ্রীক মুদ্রা ও স্বর্ণ পাচারের’ বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীরা ও ওসমান সিকদার চোরাচালান চক্রের সাথে জড়িত।”
বৃহস্পতিবার সকালে আউটার রিং রোড থেকে ৪০ বছর বয়সী ওসমান সিকদারের লাশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় তার বড় ভাই এমরান সিকদার বাদী হয়ে ইব্রাহীম, বাদল ও রাসেল নামের তিন জনকে আসামি করে মামলা করেন।
মামলায় এমরান সিকদার অভিযোগ করেন, রাসেল, ইব্রাহীম ও বাদলের সাথে ওসমানের আর্থিক বিষয় নিয়ে বিরোধ ছিল। বিরোধের জেরে গত বুধবার গভীর রাত আড়াইটার দিকে অভিযুক্তরা তাদের সহযোগীদের নিয়ে সিভিল এভিয়েশনের ব্যাচেলর স্টাফ কোয়ার্টার চৈতালীতে গিয়ে ওসমানকে মারধর করে খুন করে। পরে লাশ গুম করতে তাকে সেখান থেকে আউটার রিং রোডে নিয়ে ফেলা রাখা হয়।
উপ কমিশনার রইছ উদ্দিন বলেন, যে গাড়িতে করে ওসমানের লাশ নিয়ে রিং রোডে ফেলে রাখা হয়েছিল সে গাড়িটিও শনাক্ত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, গত নভেম্বর মাসের শেষ দিকে মুদ্রাপাচার নিয়ে অন্যদের সঙ্গে ওসমানের দ্বন্দ্ব হয়। ওই দিন ২৯ হাজার রিয়াল পাচারের কথা ছিল। কিন্তু সেগুলো ওসমান আত্মসাৎ করেন বলে অন্যদের সন্দেহ হয়।
সেই বিরোধের জেরেই বুধবার গভীর রাতে সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার চৈতালীতে গিয়ে তারা ওসমানকে কয়েক দফায় মারধর করেন। এতে তার মৃত্যু হয়। এরপর ওসমানের লাশ নিয়ে আউটার রিং রোডে ফেলে আসে।
ওসমানের বড় ভাইয়ের করা মামলায়ও বাসার ফ্লোরে রক্তের দাগ থাকার কথা উল্লেখ করা হয়েছে।
উপ-কমিশনার রইছ উদ্দিন বলেন, এ ঘটনার সাথে আরও কয়েক জন জড়িত থাকতে পারেন। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তাদের ধরা গেলে হত্যাকাণ্ডের বিষয়টি আরও পরিষ্কার হবে।
আরও পড়ুন:
