২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বন্যা: মীরসরাইয়ে অবনতি, ফটিকছড়িতে নামছে পানি

চট্টগ্রামে ৩ লাখ ৭৫ হাজার ৮০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত, বলেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়।

চট্টগ্রামে বন্যা: মীরসরাইয়ে অবনতি, ফটিকছড়িতে নামছে পানি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শনিবার থেকে বন্যার পানি নেমে যাওয়া শুরু হলেও এখন বহু মানুষ পানিবন্দি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 12:20 AM

Updated : 26 Aug 2026, 10:19 AM

নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামের অন্যান্য উপজেলার তুলনায় শুধু মীরসরাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বেড়েছে পানিবন্দী মানুষের সংখ্যা; আশ্রয়কেন্দ্রে উঠেছে ২০ হাজার মানুষ। 

সাগর তীরের মীরসরাইয়ের ১৬টি ইউনিয়নের মধ্যে এখন ১২টি ইউনিয়ন বন্যাকবলিত বলে শনিবার তথ্য দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। 

তিনি বলেন, আগে থেকে করের হাট, হিংগুলী, জোরারগঞ্জ, ধুম, ওচমানপুর এসব ইউনিয়নের অনেক লোক পানিবন্দি ছিল। শনিবার সব মিলিয়ে ১২টি ইউনিয়নে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় আছে।

তবে হালদা নদীর পানি বিপৎসীমার নিচে নামায় ফটিকছড়ি উপজেলার বেশিরভাগ এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। 

অন্যদিকে রাতে রাঙামাটি জেলার কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ড্যামের গেট খোলার সিদ্ধান্ত হলেও তা শুরুতে চট্টগ্রাম জেলার সংলগ্ন উপজেলাগুলোতে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো। 

মীরসরাইয়ের পরিস্থিতি সম্পর্কে ইউএনও জেরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেনী নদীর পানির উচ্চতা শুক্রবারের তুলনায় শনিবার কিছুটা কমেছে। কিন্তু এ দিন সাগর মোহনা দিয়ে ঢোকা পানিতে ইছাখালী, কাঠাছড়া, মিঠানলা ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। 

মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (শুক্রবার) পর্যন্ত বাড়ির আশেপাশে পানি ছিল। আজ (শনিবার) বাড়িতে পানি ঢুকে গেছে। তাই বাড়ির লোকজন বাধ্য হয়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছে।"

উপজেলার ৮২টি আশ্রয়কেন্দ্রে ২০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে এবং আরও মানুষ আশ্রয়কেন্দ্রে আসছে বলে তথ্য দিয়েছেন ইউএনও মাহফুজা জেরিন। 

তিনি বলেন, সেনাবাহিনী স্পিডবোটের মাধ্যমে দুর্গম এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ সামগ্রী, পানি, স্যালাইন ও চিকিৎসকদের পৌঁছে দিচ্ছে।

মাহফুজা জেরিনের দেওয়া তথ্য অনুযায়ী, তবে বাড়িঘরে আটকে পড়া সব মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। কারণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশে যান চলাচল বন্ধ রয়েছে। 

“শুধু কিছু বড় আকারের ট্রাক এবং স্পিডবোট চলাচল করছে। সেগুলোর মাধ্যমে সব রকম সহযোগিতা পৌঁছানো ও উদ্ধার কাজ চালানোর সর্বোচ্চ চেষ্টা চলছে।”

পাউবো চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বশেষ তথ্য মতে ফেনী নদীর পানি বিপদ সীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও তা শুক্রবারের তুলনায় কম। কিন্তু ফেনী নদীর এই পানির কারণে মীরসরাই উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। 

“যদি রাতে ও আগামীকাল (রোববার) বৃষ্টি না হয়, তাহলে আগামী দুই-তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।” 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতের যে তথ্য তাতে ফেনী নদীর একটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপরে আছে। বাকি পয়েন্টগুলোতে পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। মীরসরাইয়ের বিভিন্ন স্থানে পানি বাড়ছে বলে খবর পেয়েছি।”

এদিকে চট্টগ্রামের উত্তরের আরেক উপজেলা ফটিকছড়িতে হালদা নদীর বাঁধ উপচে ও ভেঙে যে পানি ঢুকে পড়েছিল, তা কমতে শুরু করেছে। তবে সব ইউনিয়ন থেকে এখনও পানি নামেনি। 

শনিবারও উত্তর ফটিকছড়ির ভুজপুর এলাকা এবং নাজিরহাট পৌর সদরের বেশ কিছু এলাকায় ঘরবাড়ি, রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান ছিল প্লাবিত।

ফটিকছড়ির বহু ঘরবাড়ি এখনও বন্যায় প্লাবিত।

ফটিকছড়ির বহু ঘরবাড়ি এখনও বন্যায় প্লাবিত।

উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়নহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। পাইন্দং, ভুজপুর, সুন্দরপুর, সুয়াবিল, হারুয়ালছড়ি, সমিতির হাট, ভক্তপুরসহ বিভিন্ন ইউনিয়নেও পানি শুক্রবারের তুলনায় কম। 

পাউবো কর্মকর্তা সোহাগ বলেন, "হালদা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই প্রায় সব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। দুয়েকদিন বৃষ্টি না হলে ফটিকছড়ির বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হবে। 

“বন্যার শুরুতে হালদা নদীর পানি বিপৎসীমার অনেক ওপরে চলে গিয়েছিল। তাই নদীর তীর ও বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে গেছে। এখন পর্যন্ত ছয়টি স্থানে বাঁধ একেবারে নষ্ট হয়ে গেছে বলে চিহ্নিত করা গেছে। পানি নামলে তখন বাঁধের পুরো ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব হবে।"

ত্রাণ কর্মকর্তা ছাইফুল্লাহ জানাচ্ছেন, ফটিকছড়ির বন্যা কবলিত সব এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। 

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় স্বেচ্ছাসেবকরা সবার কাছে ত্রাণ পৌঁছাতে পেরেছেন।” 

শনিবার রাত পর্যন্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে, ফটিকছড়ি উপজেলার ১৯ হাজর ৫৮০ পরিবারের ১ লাখ দুই হাজর মানুষ এবং মীরসরাই উপজেলার ৪০ হাজার পরিবারের ১ লাখ ৬০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তারা আও জানাচ্ছে, চট্টগ্রাম জেলায় শনিবার পর্যন্ত মোট ৭৫ হাজার ৪৫৬টি পরিবারের মোট ৩ লাখ ৭৫ হাজার ৮০ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শনিবার পর্যন্ত জেলার বন্যার্তদের মাঝে ১৪৭ টন চাল ও নগদ ১৮ লাখ টাকা সরকারিভাবে ত্রাণ সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। 

সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ করছে। 

কাপ্তাই ড্যামের গেট খোলা সিদ্ধান্তে উদ্বেগ, কর্মকর্তার বলছেন শঙ্কার কিছু নেই

শনিবার রাত ১০টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ড্যামের স্পিলওয়ের ১৬টি গেট খুলে প্রতিটি দিয়ে ৬ ইঞ্চি পরিমাণ পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এতে করে সংলগ্ন রাঙ্গুনিয়া, রাউজান ও হাটহাজারী হয়ে বন্দরনগরীতে ‘বন্যা হতে পারে’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে উদ্বেগ প্রকাশ করেছে। 

তবে আপাতত বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

চট্টগ্রামের পাউবো কর্মকর্তা সোহাগ বলছেন, “বর্তমানে কর্ণফুলী নদীতে ৩২ হাজার সিএফএস পানি আছে। গেট খোলা হলে নদীতে আরও ৯ হাজার সিএফএস পানি বাড়বে। 

“এতে নদীর স্রোত বাড়বে। তবে ওভারফ্লো হবার মতো পরিস্থিতি হবে না। ড্যামের থেকে আরও বেশি পানি ছাড়া না হলে আপাতত বন্যার কোনো আশঙ্কা নেই।”