২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জমির বিরোধে পিটিয়ে হত্যা

পুলিশ বলছে, ভাই ও ভাতিজারা ছালামতকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 12:22 AM

Updated : 26 Aug 2026, 12:00 PM

চট্টগ্রামে জমির বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত ছালামত আলীর বয়স ৫০ বছর। স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশেক জানান। 

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, জমির বিরোধের জেরে বিকালে ছালামত আলীর সঙ্গে তার ভাই ও ভাতিজাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ছালামতকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।

এ ঘটনায় রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।