‘গুম এখন রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের প্রধান হাতিয়ার’
মোহাম্মদ শাহজাহান বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অব্যাহতভাবে গুম করা হচ্ছে বিভিন্ন পেশার মানুষকে
‘গুম’ এখন দেশের রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের প্রধান হাতিয়ার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
মঙ্গলবার চট্টগ্রামের কাজীর দেউরী নুর আহম্মদ সড়কে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিএনপির মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা শাহজাহান বলেন, “গুম এখন বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারিরা এই হাতিয়ার ব্যবহার করছে যথেচ্ছভাবে।”
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অব্যাহতভাবে গুম করা হচ্ছে বিভিন্ন পেশার মানুষকে। এদের মধ্যে কয়েকজনকে ফেরত দিলেও বাকিরা এখনও নিখোঁজ বলে অভিযোগ করেন তিনি।
দেশের বিভিন্ন লোকজনকে ‘গুমের’ সঙ্গে সরকারি সংস্থাগুলো জড়িত - এমন অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান বলেন, “মানুষের জীবনের এখন কোন নিরাপত্তা নেই। সাবেক এমপি ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, কাউন্সিলর চৌধুরী আলম, চট্টগ্রামের বোয়ালখালীর নজরুল ইসলাম বাচাসহ ছাত্র, যুবক, মানবাধিকার কর্মী, সাংবাদিক, মুক্তমনা মানুষকে গুম করা হয়েছে।”
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার বলেন, “বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই গুমের শিকার হয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা। গুম করা মানবতাবিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃত।”
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, “রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সব অস্ত্র এখন বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলায় দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার।”
এই মানববন্ধন কর্মসূচিতে গুমের শিকার বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচার স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলাসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
