Published : 18 Dec 2024, 03:52 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হওয়ার মামলায় নগরীর বন্দর-পতেঙ্গা আসনের সাবেক এমপি এম এ লতিফকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত বুধবার এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক এমপি এম এ লতিফকে একটি মামলায় ১০ দিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
সরকার পতনের আগের দিন ৪ অগাস্ট নগরীর নিউমার্কেট এলাকায় হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন।
ওই ঘটনায় ৭৩৫ জনের বিরুদ্ধে করা মামলায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফ আসামি। ওই মামলাতেই লতিফকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
সরকার পতনের পর গত ১৭ অগাস্ট বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তারের পর ডবলমুরিং থানার বিস্ফোরক আইনের এক মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
এরপর ১৫ সেপ্টেম্বর নগরীর চান্দগাঁও থানার দুটি হত্যা মামলায় লতিফকে গ্রেপ্তার দেখাতে পুলিশ আবেদন করলে, আদালত তা মঞ্জুর করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বহদ্দারহাট এলাকায় গত ১৭ জুলাই গুলিতে নিহত হন সাইমন নামে একজন। এছাড়া ৪ অগাস্ট বহদ্দারহাট এলাকায় ফজলে রাব্বি নামে আরেকজনের মৃত্যু হয়। এ দুটি পৃথক ঘটনায় চান্দগাঁও থানায় গত ৩০ অগাস্ট ও ২১ অগাস্ট মামলা দুটি হয়।
এরপর ৩০ অক্টোবর ডবলমুরিং থানার অন্য একটি হত্যা মামলায় লতিফকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেদিন বিকেলে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় পুলিশ লাইন এলাকায় গুলিতে গুরুতর আহত হয় মো. আলম নামের এক চাকরিজীবী। পরে চিকিৎসাধীন অবস্থায় আলম মারা যায়।
ওই ঘটনায় ২২ সেপ্টেম্বর ডবলমুরিং থানায় হত্যা মামলাটি করেন আলমের ভাই জামাল উদ্দিন।
আরও পড়ুন-
এবার হত্যা মামলায় রিমান্ডে সাবেক এমপি লতিফ