Published : 15 Sep 2024, 08:37 PM
চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসান শাহরিয়ারের আদালতে শুনানি শেষে নগরীর চান্দগাঁও থানার দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
সরকার পতনের পর গত ১৭ অগাস্ট বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তারের পর ডবলমুরিং থানার এক মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চান্দগাঁও থানার দুটি হত্যা মামলায় উনাকে গ্রেপ্তারের আবেদন করা হয়। শুনানি শেষে মামলা দুটিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বহদ্দারহাট এলাকায় গত ১৭ জুলাই গুলিতে নিহত হন সাইমন নামে একজন। এছাড়া ৪ অগাস্ট আন্দোলন চলাকালীন সময়ে বহদ্দারহাট এলাকায় নিহত হন ফজলে রাব্বি নামে একজন।
এ দুটি পৃথক ঘটনায় চান্দগাঁও থানায় গত ৩০ ও ২১ অগাস্ট মামলা দুটি হয়।