১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে গঙ্গা স্নানে গিয়ে সাগরে ডুবে ২ শিশুর মৃত্যু

স্থানীয়রা বলেন, কুমিরায় গুপ্তছড়া ঘাটের কাছে প্রতিবছর এ পূজার আয়োজন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 07:55 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

চট্টগ্রামের কুমিরায় গঙ্গা স্নানে গিয়ে সাগরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটে এ ঘটনা ঘটে।

তারা হলেন- খুশী রানী জলদাস ও কিশোরী বালা জলদাস। আনুমানিক ১০ বছর বয়সী এ দুই শিশু কুমিরার দক্ষিণ জলদাস পাড়ার বাসিন্দা।

নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিরাঘাট সংলগ্ন এলাকায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর গঙ্গা পূজার আয়োজন করেন। স্বজনদের সঙ্গে কুমিরা উপকূলের ঘাটর কাছে সাগরে স্নানে নামে তারা। স্নান শেষে উঠে আসার সময় এ দুই শিশু তলিয়ে যায়। 

“স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

স্থানীয়রা বলেন, কুমিরা গুপ্তছড়া ঘাটের কাছেই প্রতিবছর এ পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে বিভিন্ন স্থান থেকে অনেক লোকের সমাগম হয়েছিল সেখানে। পূজার রীতিনীতি মেনে বেলা ১১টার দিক থেকে সাগরে নেমে স্নান করেন। এ সময় সব বয়সীদেরই দেখা যায়।