২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ বছর পর আবার শাহাবকে আছাড় দিল হাতি

২০০৩ সালের দিকে হাতির আক্রমণে নিহত হয়েছিলেন ওই তরুণের বাবা, মা ও নানী। তাকে আছাড় দিলেও সে প্রাণে বেঁচে গিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 08:24 PM

Updated : 29 Nov 2026, 08:24 PM

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ২৩ বছর আগে শিশু শাহাব উদ্দিনকে হাতি শুড়ে তুলে আছাড় দিয়েছিল। কিন্তু খড়ের গাদায় পড়ার কারণে ভাগ্যগুণে শাহাব বেঁচে যায়।

কিন্তু কে জানত, তরুণ বয়েসেও সেই একই ঘটনার মুখোমুখি হতে হবে ওই যুবককে। তবে এবার বন্য হাতির আছাড়ে মারাত্মক আহত হয়ে ২৫ বছর বয়সি শাহাব এখন হাসপাতালে চিকিৎসাধীন।

আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রামে শুক্রবার রাতে একটি বন্য হাতি শাহাবকে আছাড় দেয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবু জাফর।

আহত শাহাব উদ্দিন ওই গুচ্ছ গ্রামের বাসিন্দা ও আমুচিয়া পাহাড়ে একটি খামারে চাকরি করেন।

আমুচিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘খাবারের সন্ধানে পাশের পাহাড় থেকে প্রায়ই এ অঞ্চলে বন্য হাতির পাল নেমে এসে লোকালয়ে ঢুকে পড়ে। ২০০৩ সালের দিকে হাতির আক্রমণে নিহত হয়েছিলেন শাহাব উদ্দিনের বাবা বাছা মিয়া, মা নূর জাহান ও তার নানী।

“সে সময় দেড় থেকে দুই বছর বয়সি শিশু শাহাবকেও হাতি শুড়ে তুলে ছুঁড়ে মারে। কিন্তু খড়ের গাদার ওপর পড়ার কারণে প্রাণে বেঁচে যায় সে। পরবর্তীতে শাহাব তার মামা-মামী ও প্রতিবেশীদের কাছে বড় হয়।”

শুক্রবারের ঘটনা প্রসঙ্গে ইউপি সদস্য জাফর বলেন, “আমুচিয়া পাহাড়ে এক ব্যক্তির পেয়ারা বাগান, গরু ও মুরগির খামারে কাজ করেন ও রাতে থাকেন শাহাব। শুক্রবার রাতে গুচ্ছগ্রামের এক বাড়ি থেকে ভাত খেয়ে খামারে যাওয়ার সময় তিনি বন্য হাতির সামনে পড়ে যান।

“এ সময় হাতি তাকে শুড়ে তুলে আছাড় দিলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শাহাব সেখানে চিকিৎসাধীন।