হাটহাজারীতে ৮ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা
ইটভাটার মালিকদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে, বলেন জমির উদ্দিন
চট্টগ্রামের হাটহাজারীতে আটটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোট ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার হাটহাজারী উপজেলার চারিয়া ও ধলই এলাকায় দিনভর এই অভিযানে সাতটি ইটভাটার চিমনিসহ চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয় বলে পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে পরিচালনা, পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাটহাজারীর আট ইটভাটাকে অর্থদণ্ড এবং চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযানে ধলই এলাকার কর্ণফুলী ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
চারিয়া এলাকার মেসার্স চারিয়া মেঘনা ব্রিকসকে দুই লাখ টাকা, কাদেরিয়া ব্রিকসকে দুই লাখ টাকা, কাজী ব্রিকসকে দুই লাখ টাকা, শাহেন শাহ ব্রিকসকে দুই লাখ টাকা, চট্টলা ব্রিকসকে দুই লাখ টাকা, সেঞ্চুরি ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসব ইটভাটার চিমনিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অপরদিকে উপজেলার চারিয়া এলাকার হিমালয় ব্রিকসকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক জমির উদ্দিন বলেন, ইটভাটার মালিকদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
