কুতুবদিয়ায় যুবককে হত্যার ১৯ বছর পর ৪ জনের প্রাণদণ্ড
কুতুবদিয়ার কান্দাইল্যা পাড়া মালেকের ঘাটা এলাকায় ২০০৬ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় হত্যা করা হয় এরশাদুল হাবিব রুবেল নামে এক যুবককে।
কক্সবাজারের কুতুবদিয়ায় ১৯ বছর আগে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বুধবার বিকালে এ মামলার রায় ঘোষণা করেন।
চট্টগ্রাম জেলা আদালতের পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক চারজনকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
আর অপরাধে সংশ্লিষ্টতা ‘প্রমণিত না হওয়ায়’ এ মামলার অপর চার আসামিকে খালাস দিয়েছেন বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জাহেদুল ইসলাম ফরহাদ, আবু এরশাদ জুয়েল, আবদুল্লাহ আল মামুন ও রুস্তম আলী। তাদের মধ্যে জাহেদুল ছাড়া বাকি তিনজন মামলা চলাকালে জামিন নিয়ে পালিয়েছেন।
খালাস পাওয়া চারজন হলেন–তৌহিদুল ইসলাম আরফাদ, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ সৈয়দ ও আজহারুল ইসলাম ছোটন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারে প্রস্তাবিত একটি কিন্ডারগার্টেন স্কুল থেকে ইফতার পার্টি শেষ করে রিকশায় বাড়ি ফিরছিলেন এরশাদুল হাবিব রুবেল নামে এক যুবক।
কান্দাইল্যা পাড়া মালেকের ঘাটা এলাকায় পৌঁছানোর পর দুবৃত্তরা তাকে কিরিচ দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয় মামলায়।
এ ঘটনায় নিহতের মা মমতাজ সুফিয়া শেফালী বাদী হয়ে কুতুবদিয়া থানায় ১৮ জনকে আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন।তদন্ত শেষে সেখান থেকে আটজনকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, মামলা চলাকালে বাদী মারা যাবার পর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের অনুমতি সাপেক্ষে তার ছেলে মোহাম্মদ হানিফ বিন কাশেম মামলার বাদী হন।
কক্সবাজারের আদালতে মামলার কার্যক্রম পরিচালনার সময় ‘প্রভাবশালীদের চাপে’ সাক্ষী হাজির করা না যাওয়ায় বাদী মামলা স্থানান্তরের আবেদন করেন। উচ্চ আদালতের নির্দেশে ২০২৩ সালের মার্চ মাসে মামলাটি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজ্জাক বলেন, ২০০৮ সালের ৩১ র্মাচ এ মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শুনে বুধবার রায় দিল আদালত।
