Published : 28 Dec 2025, 06:34 PM
শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখ থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা।
রোববার সাড়ে ৫টার দিকে ইনকিলাব মঞ্চের কর্মীরা সড়ক থেকে সরে গেলে চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলায় যানবাহন চলাচল শুরু হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ২টার পরে শাহ আমানত সেতুর মুখে গোল চত্বরের আশপাশে ইনকিলাব মঞ্চের কয়েকশ কর্মী সড়ক অবরোধ শুরু করে বিভিন্ন স্লোগান দেন।
সড়ক অবরোধের কারণে সেতুর দুই দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহবায়ক রাফসান রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বেলা দুইটা থেকে শাহ আমানত সেতুর মুখে অবরোধ শুরু করি। বিকাল সাড়ে ৫টার দিকে আমাদের অবরোধ শেষ করেছি।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।
একই দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মীরা শনিবার বিকালেও চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল।