রাউজানে নলকূপের গর্তে ৪ বছরের শিশু, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস
নলকূপের গর্তের ভেতর থেকে স্থানীয়রা কান্নার আওয়াজ শোনার কথা পুলিশকে জানিয়েছে।
চট্টগ্রামের রাউজানের কদলপুরে পরিত্যক্ত গভীর নলকূপে চার বছর বয়েসী এক শিশু পড়ে গেছে, এমন সংবাদের পর ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।
বুধবার বিকাল ৫টার পরে কোনো এক সময়ে কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় পরিত্যক্ত নলকুপের গর্তে শিশুটি পড়ে যাওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, বিকাল সাড়ে ৫টায় কদলপুরের দক্ষিণ জয়নগর এলাকায় গভীর নলকুপের গর্তের ভেতরে এক শিশু পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গভীর নলকূপের গর্তে মেজবাহ নামে শিশু পড়ে যাওয়ার কথা বলেছেন স্থানীয়রা। সে ওই এলাকায় সাইফুল ইসলামের ছেলে।
ওসি বলেন, ওই শিশুকে বিকাল সাড়ে ৫টার পর থেকে পাওয়া যাচ্ছিল না। ওই নলকূপের গর্তের ভেতর থেকে স্থানীয়রা কান্নার আওয়াজ শোনার কথা পুলিশকে জানিয়েছে।
