২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে রুশ নৌবাহিনীর ডেস্ট্রয়ার

জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ অভ্যর্থনা জানায়।

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে রুশ নৌবাহিনীর ডেস্ট্রয়ার
রুশ নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘গ্রিমিয়াশ্চি’

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

পাঁচদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে রুশ নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার।

‘গ্রিমিয়াশ্চি’ নামের এই জাহাজটি সোমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল এ সময় রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

আইএপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। 

এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ অভ্যর্থনা জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্রিমিয়াশ্চি’ বাংলাদেশে অবস্থানকালে জাহাজের অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার, ডক ইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্ট এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুস্পস্তক অর্পণ করবেন। 

তারা নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল, চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। 

বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ার জাহাজটি পরিদর্শন করবেন। 

আইএসপিআর বলছে, এই সফরের ফলে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। 

শুভেচ্ছা সফর শেষে রাশিয়ার জাহাজটি ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।