স্ত্রী-সন্তান প্রবাসে, ঘরে পড়েছিল ছিল গৃহকর্তার মরদেহ
পুলিশের ধারণা, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
চট্টগ্রামের চন্দনাইশে নিজের বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ বলছে, তার স্ত্রী-সন্তান সবাই দুবাইয়ে। বাড়িটিতে তিনি একাই থাকছিলেন।
উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নগরপাড়ার একটি বাড়ি থেকে সোমবার তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. লিটন মিয়া।
ষাটোর্ধ্ব আবদুর রহমানের লাশে পচন ধরায় পুলিশের ধারণা, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
পরিদর্শক লিটন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবদুর রহমানের তিন ছেলে ও স্ত্রী দুবাইয়ে থাকেন। একসময় তিনিও সেখানে ছিলেন, তবে বয়সের কারণে ভিসা জটিলতায় আর যেতে পারেননি। স্ত্রী সন্তানদের কাছে যেতে না পেরে আবদুর রহমান বাড়িতে একাই থাকতেন।
স্থানীয় এক চা দোকানির বরাতে তিনি বলেন, “গত শুক্রবার তাকে দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি। আমাদের ধারণা শুক্রবারের কোনো একসময় আবদুর রহমানের মৃত্যু হয়ে থাকতে পারে।”
পুলিশ বলছে, গত জানুয়ারিতে আবদুর রহমান তার মেঝ ছেলেকে বিয়ে দেন। সেসময় পরিবারের সদস্যরা সবাই এসেছিলেন। এরপর থেকে তিনি একা বাড়িতে ছিলেন। দুবাইতে তার স্ত্রীও দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আছেন বলে স্বজনরা জানিয়েছে।
পরিদর্শক লিটন মিয়া বলেন, আবদুর রহমানের মেঝ ছেলের স্ত্রী দোহাজারিতে বাপের বাড়িতে থাকতেন। ছেলেরা ফোন করে আবদুর রহমানকে না পেয়ে সোমবার বিষয়টি দোহাজারিতে তার ছেলের বৌকে বলেন। সোমবার বিকালে পুত্রবধূ বাড়িতে এসে ঘরের দরজা চাপ দিয়ে লাগানো দেখতে পান। ভেতরে খাটের ওপর আবদুর রহমানের অর্ধগলিত লাশ দেখতে পান।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
