রথযাত্রা: চট্টগ্রামে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ
রথযাত্রার কারণে চট্টগ্রাম নগরীতে অনেক সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ।
হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে শুক্রবার চট্টগ্রাম নগরীতে যানবাহনগুলোকে বেশকিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ।
চট্টগ্রাম নগর পুলিশ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে রথযাত্রার তিনটি রুট তুলে ধরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্দনকানন তুলসীধামের রথযাত্রাটি রাইফেল ক্লাব, নিউ মার্কেট, কোতোয়ালী মোড়, লালদিঘী পাড়, নবগ্রহবাড়ি, বক্সীর বিট, আন্দরকিল্লা, চেরাগী পাহাড় মোড়, প্রেস ক্লাব, কাজীর দেউরি, লাভলেইন মোড়, নন্দনকানন বৌদ্ধ মন্দির হয়ে পুনরায় তুলসীধামে এসে শেষ হবে।
নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দিরের (ইসকন মন্দির) রথযাত্রাটি, ডিসি হিল থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘির পাড়, কোতোয়ালী ঘোড়, নিউ মার্কেট, আমতল, বোস ব্রাদার্স মোড় হয়ে নন্দনকানন ২ নম্বর গলির মুখে এসে শেষ হবে।
আর প্রবর্তক ইসকন মন্দিরের রথযাত্রাটি সেখান থেকে শুরু হয়ে মিমি সুপার মার্কেট, প্রবর্তক মোড়, গোলপাহাড় মোড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী মোড়, কাজীর দেউরি মোড়, জামালখান মোড় (খাস্তগীর স্কুল), চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, বক্সীর বিট, লালদিঘীর পাড়, কোতোয়ালী মোড় থেকে ইউটার্ন করে লালদিঘীর পেট্রোল পাম্প, সিনেমা প্যালেস হয়ে কে সি দে রোডে গিয়ে শেষ হবে।
রথযাত্রা ঘিরে শুক্রবার দুপুর ২টা থেকে নগরীর বাদশা মিয়া সড়কের মুখ, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোল চত্বর/রেডিসন ব্লু, নেভাল মোড়, লাভলেইন নূর আহম্মদ সড়কের মাথা, এনায়েত বাজার মোড়,, তিনপোলের মাথা, নিউ মার্কেট, জিপিও মোড়, কোতোয়ালী মোড়, লালদীঘির উত্তর পাড়, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা মোড়, গুডস হিল মুখ, গনি বেকারি, সার্সন রোডের মুখ ব্লক করে যানবাহনগুলোকে ডাইভারশন করা হবে।
রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব যানবাহন ও যাত্রীদের এসব সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে পুলিশ।
