২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘গরু চোরাচালান নিয়ে দ্বন্দ্বে’ মারধরে আহত ছাত্রদল নেতার মৃত্যু

“চোরাচালানকারীরা চাঁদাবাজ সন্দেহে পিটুনি দিয়ে জখম করেছে; কিন্তু স্থানীয়ভাবে জেনেছি সে এ ধরনের কাজের সঙ্গে জড়িত না,” বলেন ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 08:59 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘গরু চোরাচালান নিয়ে দ্বন্দ্ব’ থেকে একটি পক্ষের মারধরে আহত এক ছাত্রদল নেতা মারা গেছেন।

মারধরের পাঁচ দিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত শাহরিয়ার আহমেদ (২৩) মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, গরু চোরাচালানি নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধে গত ১৮ এপ্রিল রাতে তাকে পিটিয়ে জখম করে একটি পক্ষ। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।”

ওসি বলেন, “প্রাথমিকভাবে জেনেছি শাহরিয়ারকে চোরাচালানকারীরা ‘চাঁদাবাজ’ সন্দেহে পিটুনি দিয়ে জখম করেছে। কিন্তু স্থানীয়ভাবে আমরা জেনেছি সে এ ধরনের কাজের সঙ্গে জড়িত না। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

স্থানীয় সাংবাদিকরা বলছেন, শাহরিয়ারের বাবা আব্দুল আলীম বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৮ এপ্রিল কয়লা বাজার এলাকায় গরু ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। আবদুল আলীমকে বিষয়টি মীমাংসার জন্য একপক্ষ তখন অনুরোধ করে। এরপর আলীম নিজে না গিয়ে তার ছেলে শাহরিয়ারকে সেখানে পাঠায়। শাহরিয়ার অপর এক যুবককে নিয়ে সেখানে গেলে একটি পক্ষ তাদের পিটিয়ে জখম করে।