প্রথম ভোটের উচ্ছ্বাস: ‘চাই প্রতিবছর চাকসু নির্বাচন হোক’
“বড় পরিসরে এই প্রথম ভোট দিলাম। পরিবেশটা খুব ভালো লাগছে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ভুঁইয়া ও রুবেল গাজী থাকেন শাহ আমানত হলে। সায়েন্স ফ্যাকাল্টি কেন্দ্রে ভোট দিয়ে তারা বললেন, এর আগে জাতীয় নির্বাচনে তারা ভোট দেননি। নিজেদের ক্যাম্পাসে জীবনে প্রথমবার তারা ভোট দিয়ে তারা আনন্দিত।
সাজ্জাদ ও রুবেলের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই সপ্তম চাকসু নির্বাচনে জীবনে প্রথমবারের মত ভোট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত। এবারই প্রথম ওএমআর ব্যালটে হচ্ছে চাকসুর ভোট।
কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ আর হোস্টেল সংসদের নির্বাচনে ৩০ মিনিট দেরিতে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকার ৪টা পর্যন্ত।
সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে থাকেন। পাশাপাশি ছাত্রাবাসগুলো থেকে ছাত্রছাত্রীরা দল বেঁধে ভোট কেন্দ্রের সামনে জড়ো হন।
ইংরেজি বিভাগের ছাত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী সাজিদা তুজ শিমলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটবকমকে বলেন, “আগে স্কুলের কেবিনেটে ভোট দিয়েছি। বড় পরিসরে এই প্রথম ভোট দিলাম। পরিবেশটা খুব ভালো লাগছে। বেশি আনন্দ পেয়েছি প্রচার প্রচারণার সময়। আমরা চাই প্রতিবছর চাকসু নির্বাচন হোক।”
নৃবিজ্ঞান বিভাগের ছাত্রী উমামা করিম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের ছাত্রী।
তিনি বলেন, “জীবনের প্রথম ভোট করছি আমরা। আগে নির্বাচনে কখনো ভোট দিইনি। এটা আমাদের জন্য খুব আনন্দের।”
অর্থনীতি বিভাগের জারিফ মনোয়ার ও ভাষা বিজ্ঞান বিভাগের আবরার জাহিন রাফসান দুজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের ছাত্র। তাদের আরেক বন্ধু অর্থনীতি বিভাগের হিমালয় রায় এফ রহমান হলের ছাত্র।
তারা তিনজন মিলে কলা অনুষদ ঝুপড়িতে অপেক্ষা করছিলেন অন্য বন্ধুদের জন্য। জারিফ মনোয়ার বললেন, তাদের অন্যরা এলে সবাই মিলে একসঙ্গে ভোট দিতে যাবেন।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফিয়া আমিন বুধবার সকাল সাড়ে ৯টায় সমাজ বিজ্ঞান অনুষদের ২০৬ নম্বর কক্ষের প্রথম ভোটার।
ভোট দেওয়া শেষে উচ্ছ্বসিত সাফিয়া আমিন আঙুলের অমোচনীয় কালি দেখিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোন ধরনের নির্বাচনে এটাই আমার প্রথম ভোট। খুব ভালো লাগছে। ৩৫ বছর একটা চাকসু নির্বাচন হচ্ছে সেখানে আমি ভোট দিলাম। যোগ্য প্রার্থীকে আমার ভোট দিয়েছি। আশাকরি আমার প্রার্থীরা বিজয়ী হবে।”
সকাল পৌনে ১০টায় রসায়ন তৃতীয় বর্ষের তামান্না রহমান সমাজ বিজ্ঞান অনুষদের ২০৩ নম্বর কক্ষে ভোট দেন।
ভোট শেষে তিনি বলেন, “নির্বাচন হচ্ছে এটাই বিশাল ব্যাপার। গতকাল হলে রাত জেগে সহপাঠীদের সাথে বিভিন্ন প্রার্থীর ইশতেহার দেখে কোন প্রার্থীরা যোগ্য হবে তা নিয়ে আলোচনা করেছি। আমাদের অনেক শিক্ষকরা এখানে লেখাপড়া করলেও তারা ভোট দেবার সুযোগ পাননি। কিন্তু আমরা তৃতীয় বর্ষেই ভোট দিতে পারছি।”
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মারজান বলেন, “যে কোন রকমের নির্বাচনে এই প্রথম ভোট দিলাম। খুব ভালো লাগছে। দুই সপ্তাহ ধরে সুন্দর নির্বাচনি প্রচারণা হয়েছে। প্রার্থী আপা ও ভাইয়ারা আমাদের কাছে ভোট চেয়েছেন। আমরা আমাদের বিবেচনায় ভোট দিয়েছি। ভোট দিতে তেমন কোন সমস্যা হয়নি। তবে বেশি বৃত্ত ভরাট করতে হচ্ছে। বিশেষ করে সদস্য পদে প্রার্থী সংখ্যা বেশি। তাই অনেক খুঁজে বৃত্ত ভরাট করতে হচ্ছে, এটাই একটু সমস্যা।”
আরবি ভাষা ও শিক্ষা বিভাগের ২১-২২ সেশনের শরিফুজ্জমান নাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো প্রতিযোগিতামূলক নির্বাচনে এই প্রথম ভোট দিচ্ছি। দারুণ লাগছে। খুবই এক্সাইটেড। এর আগে ভোটার হয়েও জাতীয় নির্বাচনে কেন্দ্রে গিয়েও স্বৈরাচার সরকারের কারণে ভোট দিতে পারিনি।”
পাঁচটি ভবনের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও থাকছে পৃথক কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ।
এবারের চাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে ১৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের নামে প্যানেল দিলেও ইসলামী ছাত্রশিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেলে নির্বাচন করছে।
এছাড়া ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ‘দ্রোহ পর্ষদ’ নামে প্যানেল দিয়ে চাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এছাড়া কয়েকটি বাম ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন মিলিয়ে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছে।
ভিপি পদে ২৪ এবং জিএস পদে ২২ জন ভোট করছেন।
