Published : 31 Mar 2026, 03:35 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চাকসু। এদিকে এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ‘মাসুম ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কী করে’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
গত সোমবার সন্ধ্যায় হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিং স্টেশনে মাসুম বিল্লাহর ওপর হামলা হয়। তার অভিযোগ, আগের একটি সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সমঝোতা ও জরিমানার জেরে এ হামলা হয়েছে।
মানববন্ধনে চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন বলেন, “এ ঘটনার সূত্রপাত ৪ তারিখে। এ ধরনের সমঝোতা শিক্ষার্থীরা কেন করবে, এটি প্রশাসনের দায়িত্ব। তাকে চিহ্নিত করে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।
“প্রশাসন এখনো নীরব। প্রতিবছর এমন ঘটনা ঘটে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। আমরা এ ঘটনার আগের ও পরের সব কিছুর বিচার চাই।”
চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তাওহিদ বলেন, “আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মুচলেকা দেওয়া কিসের আইন? কেন অপরাধীদের ছাড় দেওয়া হবে?

“এখন থেকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রক্টরিয়াল বডিকে বলছি, অপরাধীর কোনো দল নেই; তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “অতীতেও আমরা হামলার শিকার হয়েছি, কিন্তু এখনো বিচার হয়নি। বহিরাগতদের কারণে আমরা কেউই নিরাপদ নই। যেকোনো শিক্ষার্থী এমন ঘটনার শিকার হতে পারে।
“আমরা আশ্বাস নয়, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দেখতে চাই। না হলে এটি সন্ত্রাসীদের কাছে আমাদের দুর্বলতার বার্তা হিসেবে পৌঁছাবে।”
চাকসুর ভিপি ইব্রাহীম রনি বলেন, “আগেও আমরা হামলার শিকার হয়েছি। তদন্তের কথা বলা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার ১৭-১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।
“ওসি সাহেবের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। আমরা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম মেনে নেব না। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে প্রশাসনকে তাদের সক্ষমতা দেখাতে হবে।
আসামি মুন্না গ্রেপ্তার
এদিকে মাসুম বিল্লাহর ওপর হামলার মামলায় ১ নম্বর আসামি জালাল উদ্দিন মুন্নাকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান মঙ্গলবার বেলা পৌনে ৩টায় বলেন, “ঘণ্টাখানেক আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে এ মামলার ১ নম্বর আসামি।
“তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
হাটহাজারী মাদরাসা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান তিনি।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, “আমরা প্রথমে ১ নম্বর আসামি হিসেবে আরিকুল ইসলামকে দিয়েছিলাম। তবে মুন্না নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই এ ঘটনার নেতৃত্ব দিয়েছিল।
“পুলিশ কৌশলে তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”