বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর ভোগান্তি
বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভাদ্রের শেষ সপ্তাহে ভর দুপুরে তুমুল বজ্রপাতসহ বৃষ্টি। টানা প্রায় দেড় ঘণ্টার বর্ষণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।
বুধবার বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত বৃষ্টিপাত হয়। দুপুরের এই আকস্মিক বৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী।
বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, ডিসি রোড, দুই নম্বর গেট, শুলকবহর, চকবাজার, কাগাসগোলা, বহদ্দারহাট, ওয়াসার মোড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বিমানবন্দর সড়কের নিমতলা অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বিজিএমইএ ভবনের সামনে, টেক্সটাইল মোড়, আমানবাজার ও কাট্টলী এলাকায় সড়কে পানি জমে। বৃষ্টি থামার প্রায় তিন ঘণ্টা পর বিকেলের দিকে পানি নেমে যায়।
নগরীর দুই নম্বর গেট এলাকায় আসা পথচারী শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালেও প্রখর রোদ ছিল। তাই ছাতা ছাড়াই সকালে ঘর থেকে বের হয়েছি। কিন্তু এত জোরে বৃষ্টি আসলো যে ভিজতে হলো। আর এদিকে অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি উঠে যায়। আজ ওয়াসার মোড়েও হাঁটু পানি হয়েছে।”
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “(বুধবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় আছে। সেকারণে বজ্রসহ বৃষ্টি হয়েছে।”
চকবাজার কাঁচা বাজারে আসা ডিসি রোডের বাসিন্দা ক্রেতা তরিকুল ইসলাম বলেন, “এখানে বৃষ্টি হলেই পানি ওঠে। আশপাশের রাস্তায় যেসব ময়লা ফেলে রাখে, বৃষ্টি হলে সেগুলো পানিতে ভাসে। এই পানি পায়ে লাগলে পরে চুলকায়।”
তরিকুল বলেন, “ডিসি রোডে চাক্তাই খাল ময়লায় ভরা। বৃষ্টি থামলে শহরের অন্য এলাকায় পানি নামলেও আমাদের এলাকায় সহজে নামে না।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. মোবারক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ যেটা হয়েছে, সেটা হঠাৎ বৃষ্টি। এ মৌসুমে সাধারণত এমন বৃষ্টি হয় না। ভারি বর্ষণের কারণে কোথাও কোথাও জলজট হয়েছে।
“কোন এলাকায় কেন জলজট হচ্ছে সেটার প্রতিবেদন আমরা এখন তাৎক্ষণিকভাবে নিই। পরে সেগুলো নিয়ে কাজ করি। বারইপাড়া-ফুলতালা অংশে চাক্তাই খাল ভরাট হয়ে থাকায় ওই এলাকায় পানি জমছে। সেখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে।”
এক প্রশ্নের জবাবে মোবাকর আলী বলেন, “সিডিএ-সিটি করপোরেশন মিলে যে কমিটি হয়েছিল তারা জয়েন্ট সার্ভে করে নগরীর বিভিন্ন এলাকার স্পটভিত্তিক সমস্যা তুলে ধরেছিল। এরমধ্যে আমাদের আওতায় যা সেগুলোতে আমরা কাজ করেছি।
“বাকিগুলো সিডিএ প্রকল্পের অধীনে কাজ চলছে। বর্ষা চলে যাওয়ায় তারা বিভিন্ন খালের ভিতর বাঁধ দিয়ে কাজ করছে। এতে পানি প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।”
বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ।
