৪ দিন ধরে নিখোঁজ সীতাকুণ্ডের এক পান চাষি
“বাবার মানসিক সমস্যা ছিল, সেজন্য নিয়মিত ওষুধ খেতেন,” বলেন ছেলে বিজয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে পানের বরজে যাওয়ার পর থেকে হদিস মিলছে না এক কৃষকের।
উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট এলাকা থেকে শুক্রবার নিখোঁজের পর সোমবার সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।
নিখোঁজ সুনীল চন্দ্র নাথের বয়স আনুমানিক ৪৭।
তার ছেলে বিজয় চন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাবাকে নিয়ে প্রতিদিনের মত পানের বরজে গিয়েছিলাম পান তুলতে। সেখান থেকে দুপুরে আমি পান নিয়ে বাড়িতে ফিরে আসি। আর বাবা গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।
“দুপুরে জমির কাছে একটি চায়ের দোকানে বসে বাবা চা খেয়েছিলেন বলে লোকজন জানিয়েছে। কিন্তু তারপর থেকে তিনি কোথায় গেছেন, সেটি আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজ খবরের পর না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।”
বিজয় বলেন, তার বাবার মানসিক সমস্যা ছিল। সেজন্য নিয়মিত ওষুধ খেতেন।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, জিডির বিষয়টি তদন্ত করা হচ্ছে।
