Published : 14 Jul 2026, 09:49 PM
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেছাতে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, “অবিলম্বে আমিও জনগণের প্রত্যাশার প্রতি একাত্মতা ঘোষণা করে বলছি, পরীক্ষা অতি দ্রুত কয়েকদিনের জন্য পিছিয়ে দিন। পানি কমুক আবার পরীক্ষা নেওয়া যাবে।”
মঙ্গলবার দুপুর ২টার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করে একথা বলেন রিজভী।
তিনি বলেন, “আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করব যে, এই বন্যায় এ সমস্ত এলাকায় যে দুর্গতি হয়েছে, এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। এই বন্যার পানি ডিঙিয়ে আজকে (মঙ্গলবার) আমাদেরই তো এই গ্রামে আসতে হয়েছে।
“এর মধ্যে কয়েকটা দিন পিছিয়ে দিলে এমন কী ক্ষতি হত? পরীক্ষা দিতে গিয়ে, কলেজে যেতে গিয়ে শিক্ষার্থী পানিতে পড়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী এদিকে দৃষ্টি দেবেন। এটা ভয়ংকর রকমের জনদুর্ভোগ।”
পরীক্ষার্থীদের ভোগান্তির কথা তুলে ধরে রিজভী বলেন, “একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে পরীক্ষা দিতে যেতে পারছে না। দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায়। তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।”
দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী।
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন, জাগির হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন ত্রাণ বিতরণ ও পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।